যশোরে কোয়ারেন্টিন থেকে ৪ দিনে ছাড়পত্র পেলেন ৫৩৩ জন
যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ফেরা আরও ২০৩ জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেয়েছেন। আজ বৃহস্পতিবার তাঁরা বাড়িতে ফিরে গেছেন। গত চার দিনে মোট ৫৩৩ জন কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র পেলেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, ভারতফেরত এই ব্যক্তিরা যশোর শহর ও বেনাপোল আবাসিক হোটেল এবং ঝিকরগাছার গাজীর দরগাহ মাদ্রাসায় ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে ছিলেন। আগামীকাল শুক্রবার ঈদের দিন আরও ৯৭ জন ছাড়পত্র পাবেন। তাঁরা ঈদের দিন না যেতে চাইলে হোটেলে বিনা মূল্যে থাকতে পারবেন। ঈদের দিন আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে থাকা ভারতফেরত যাত্রীদের বিনা মূল্যে উন্নত মানের খাবার পরিবেশন করবে যশোর জেলা প্রশাসন। ঈদের দিন ছাড়পত্র পাওয়া যাত্রীরা চলে গেলে ৪৪৬ জন কোয়ারেন্টিনে থাকবেন।
এদিকে কোয়ারেন্টিনে থাকা আম্বিয়া বেগম (৬৭) নামের ভারতফেরত এক নারী গতকাল বুধবার মারা গেছেন। যশোরের বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যশোরের আবাসিক হোটেল হাসান ইন্টারন্যাশনালে আম্বিয়া ও তাঁর স্বামী কোয়ারেন্টিনে ছিলেন। গতকাল সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
যশোর জেলা প্রশাসনের সহকারী কমিশনার মাহমুদুল হাসান বলেন, আম্বিয়া বেগম কিডনি রোগে আক্রান্ত ছিলেন। এর চিকিৎসা করাতেই তিনি ভারতে গিয়েছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এদিকে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে আজ বৃহস্পতিবার বেলা তিনটা পর্যন্ত ২৮ জন ভারত থেকে দেশে ফিরেছেন। তাঁদের বেনাপোলের বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।