যশোরে ব্যবসায়ীকে ছুরি মেরে জখম
যশোর শহরে হাফিজুর রহমান (২১) নামের এক ব্যবসায়ীর বুকে ও পিঠে ছুরি মেরে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকালে শহরের মনিহার প্রেক্ষাগৃহ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাঁকে প্রথমে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত হাফিজুর রহমান শহরের পশ্চিম বারান্দীপাড়া এলাকার সোনা মিয়ার ছেলে। তিনি শহরের রবীন্দ্রনাথ ঠাকুর সড়কে মোটরগাড়ির যন্ত্রাংশের ব্যবসা করেন।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, হাফিজুর আজ সকালে মনিহার প্রেক্ষাগৃহ এলাকায় সেলুনে চুল কাটাতে যান। এ সময় স্থানীয় কয়েকজন দুর্বৃত্ত সেখানে গিয়ে প্রকাশ্যে তাঁর বুকে ও পিঠে কয়েকবার ছুরি মেরে জখম করে। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহিনুর রহমান সাংবাদিকদের বলেন, হাফিজুরের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে যশোর পুলিশের মুখপাত্র ও গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপম কুমার সরকার প্রথম আলোকে বলেন, পূর্বশত্রুতার জেরে স্থানীয় চার থেকে পাঁচজন তাঁকে ছুরি মেরে গুরুতর জখম করে। ঘটনা উদ্ঘাটনে গোয়েন্দা পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তিনি।