যশোরে ৭ দফা দাবিতে পাটকলশ্রমিকদের মানববন্ধন ও সমাবেশ
রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বন্ধ পাটকলের উৎপাদন কার্যক্রম চালু ও রাষ্ট্রায়ত্ত পাঁচটি পাটকলের শ্রমিকদের ২০১৫ সালের মজুরি কমিশনের বকেয়া পরিশোধসহ সাত দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে খুলনা ও যশোরের পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ। আজ মঙ্গলবার সকালে যশোরের অভয়নগর উপজেলার রাজঘাটে যশোর-খুলনা মহাসড়কে এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।
শ্রমিকদের সাত দফা দাবির মধ্যে রয়েছে, বন্ধ পাটকলের উৎপাদন কার্যক্রম রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চালু করা; রাষ্ট্রায়ত্ত বন্ধ পাঁচটি পাটকলের শ্রমিকদের ২০১৫ সালের মজুরি কমিশনের বকেয়াসহ সরকার ঘোষিত করোনাকালীন সাধারণ ছুটির পাওনা পরিশোধ করা; বন্ধ পাটকলের যেসব স্থায়ী ও বদলি শ্রমিকদের নগদ পাওনা ও সঞ্চয়পত্র দেওয়া হয়নি, তাঁদের পাওনা পরিশোধ করা; শ্রমিক-কর্মচারীদের মজুরি ও বেতন পরিশোধ, অবসরপ্রাপ্ত কর্মচারীদের গ্র্যাচুইটি, পিএফ বিমাসহ বকেয়া পাওনা পরিশোধ করা; ২০২০ সালের ১ ও ২ জুলাইয়ের বকেয়া বাৎসরিক ইনক্রিমেন্ট, বোনাসসহ সব ভাতা পরিশোধ করা; ২০১৫ সালের প্রদেয় মজুরি কমিশনে পিচ রেট শ্রমিকদের গড় মজুরি ও টাইম রেট শ্রমিকদের আট ঘণ্টার অতিরিক্ত কাজের সব পাওনা পরিশোধ করা; এবং যেসব শ্রমিক-কর্মচারী আদালতে মামলা করে রায় পেয়েছেন ও যাঁরা মামলা প্রত্যাহার করে নিয়েছেন, তাঁদের সব পাওনা পরিশোধ করা।
পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী সংগ্রাম পরিষদ খুলনা-যশোর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন বন্ধ হওয়া রাষ্ট্রীয় পাটকল যশোর জুট ইন্ডাস্ট্রিজের সিবিএর সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মল্লিক, ক্রিসেন্ট জুট মিলের সিবিএর সাবেক সভাপতি মুরাদ হোসেন, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন, ইস্টার্ন জুট মিলের সিবিএর সাবেক সভাপতি মো. আলাউদ্দিন, প্ল্যাটিনাম জুট মিলের সিবিএর সাবেক সভাপতি শাহানা পারভীন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, কলকারখানা বন্ধ করা হলেও শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়নি। শ্রমিকেরা তাঁদের পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। সভায় বক্তারা ঈদের আগেই শ্রমিকদের সব পাওনা মজুরি পরিশোধের দাবি জানান। অন্যথায় ঈদের পর বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে সমাবেশে হুঁশিয়ারি দেন বক্তারা।