যশোর কারাগারে ভারতীয় বন্দীর মৃত্যু
যশোর কেন্দ্রীয় কারাগারে সমীর ওরফে শামীম (৩০) নামের এক ভারতীয় বন্দীর মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে কারাগারের ভেতরে গোসল করতে গিয়ে তিনি মাথা ঘুরে পড়ে যান। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সমীর ভারতের উত্তর প্রদেশের বলরামপুর জেলার গাইশ্রী থানার জুনেতাপুর শ্রীনগর গ্রামের ধর্মেন্দ্রনাথের ছেলে।
কারাগার সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে রাঙামাটি জেলার ভারত সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেন সমীর। এ সময় পুলিশ তাঁকে আটক করে অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে কারাগারে পাঠায়। ওই মামলায় রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমীরকে এক বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। তিনি ফেনী কারাগারে ছিলেন। ২০২০ সালের মার্চ মাসে সমীরকে ফেনী থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ইতিমধ্যে তাঁর সাজার মেয়াদ শেষ হয়েছে। ভারত সরকারের কাছে বারবার চিঠি দিলেও তাঁর পরিবারের কোনো হদিস মেলেনি।
বন্দী সমীরকে নিজ দেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে তিনবার চিঠি দেওয়া হয়। কিন্তু কোনো সাড়া না মেলায় তিনি কারাগারেই বন্দী ছিলেন।
যশোর কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ তুহিন কান্তি খান বলেন, বন্দী সমীরকে নিজ দেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে তিনবার চিঠি দেওয়া হয়। কিন্তু কোনো সাড়া না মেলায় তিনি কারাগারেই বন্দী ছিলেন। তিনি গোসল করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান। পরে তাঁকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম আবদুর রশিদ বলেন, হাসপাতালে আনার আগেই সমীরের মৃত্যু হয়েছে।
কারাগার সূত্রে জানা গেছে, লাশটি যশোর মেডিকেল কলেজ থেকে ময়নাতদন্ত শেষে সংরক্ষণের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হবে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারত সরকারকে চিঠি লেখা হবে। রাষ্ট্রীয় সিদ্ধান্ত আসার পরে লাশ সৎকার করা হবে। তত দিন লাশ হিমঘরে সংরক্ষণ করা হবে।