যশোর জেনারেল হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, আহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল
ফাইল ছবি

যশোর জেনারেল হাসপাতালে বড় সিলিন্ডার থেকে ছোট সিলিন্ডারে অক্সিজেন স্থানান্তরের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের করোনা ইয়েলো জোনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন আবুল খায়ের গ্রুপের কর্মী কেরামত আলী (৩০) ও হাসপাতালের কর্মচারী পরিতোষ কুমার দাস। আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা এখন শঙ্কামুক্ত বলে জানা গেছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, যশোর জেনারেল হাসপাতালে করোনা ইউনিটের রোগীদের চিকিৎসা সহায়তা দিতে আবুল খায়ের গ্রুপ বিনা মূল্যে হাসপাতালে অক্সিজন সরবরাহ করে। আজ দুপুরে প্রতিষ্ঠানটির বড় সিলিন্ডার থেকে হাসপাতালের ছোট সিলিন্ডারে অক্সিজেন স্থানান্তরের সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময়ে সেখানে থাকা দুজনের ডান হাতের কিছু অংশ পুড়ে যায়।

হাসপাতালের তত্ত্ববধায়ক মো. আকতারুজ্জামান বলেন, আবুল খায়ের গ্রুপ এভাবেই তাদের বড় সিলিন্ডার থেকে হাসপাতালের ছোট সিলিন্ডারে অক্সিজেন স্থানান্তর করে। তবে আজ অসাবধানতাবশত ছোট সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।