যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালের রেড জোনে ভর্তি ছিলেন নয়জন এবং ইয়েলো জোনে একজন। গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ শনিবার সকাল আটটা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আরিফ আহম্মেদ জানান, গত ২৪ ঘণ্টায় রেড জোনে ভর্তি হয়েছেন ১৭ ও ইয়েলো জোনে ১০ জন। এ নিয়ে হাসপাতালের রেড জোনে মোট ভর্তি আছেন ৯০ জন ও ইয়েলো জোনে ভর্তি আছেন ২০ জন।
এদিকে যশোর সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা (সিএস) মো. রেহেনেওয়াজ জানান, গতকাল শুক্রবার দুটি ল্যাবে মোট ৪০৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আজ শনিবার নমুনা পরীক্ষার প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনে দেখা যায়, ১১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮ দশমিক ৫ শতাংশ।