যশোর জেনারেল হাসপাতালে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোগী ও দর্শনার্থীদের জটলা। আজ যশোর জেনারেল হাসপাতালে
ছবি: প্রথম আলো

যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি থাকা গুরুতর দুই রোগীকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। আইসিইউ ইউনিটে আর মাত্র একটি শয্যা খালি আছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় পাঁচজন এই হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন। এ নিয়ে ৫৫ জন রোগী এই ইউনিটে ভর্তি আছেন। তাঁদের মধ্যে বেনাপোল দিয়ে ভারত থেকে দেশে আসা যাত্রী আছেন ২২ জন।

আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের দ্বিতীয় তলায় অস্ত্রোপচারের কক্ষের বিপরীতে মাস দেড়েক আগে তিন শয্যাবিশিষ্ট আইসিইউ ইউনিট চালু করা হয়েছে। অস্ত্রোপচার ও আইসিইউ ইউনিটের মধ্যে অল্প একটু ফাঁকা জায়গায় অন্তত ৫০ জন মানুষ গাদাগাদি করছেন। তাঁদের কারোর মধ্যেই স্বাস্থ্যবিধি মানার বালাই নেই। অনেকের মুখে মাস্ক নেই। হাত ধোয়ার কোনো ব্যবস্থা রাখা হয়নি। এর ঠিক ওপরে তৃতীয় তলায় মুখোমুখি দুটি ওয়ার্ড নিয়ে করোনা ইউনিট গঠন করা হয়েছে। একটি পুরুষের ও অপরটি নারীদের জন্য। দুটি ওয়ার্ডের মূল ফটকে তালা ঝুলানো রয়েছে। ৮০ শয্যাবিশিষ্ট ২ ওয়ার্ডে ৫৫ জন রোগী ভর্তি আছেন। দুই ওয়ার্ডে চলাচলের ফাঁকা জায়গায় একজন পুলিশ সদস্য বসে নিরাপত্তা নিশ্চিত করছেন।
বেলা সাড়ে ১১টার দিকে দেখা গেল, দুজন চিকিৎসক পিপিই পরে দুই ওয়ার্ডে চিকিৎসাসেবা দিচ্ছেন। রোগীর স্বজনদের কেউ কেউ খাবার দেওয়ার জন্য ওয়ার্ডের ফটকে অবস্থান করছিলেন। হাসপাতালের সেবার মান নিয়ে কারও তেমন অভিযোগ নেই।

তবে সরকারি চাকরিজীবী এক যুবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘গতকাল বুধবার আমার মাকে করোনো ওয়ার্ডে ভর্তি করেছি। তাঁকে কী ধরনের ওষুধ দেওয়া হচ্ছে—তা জানতে চাইলেও জানানো হয়নি। ব্যবস্থাপত্রের ফাইলটি দেখতে চেয়েছিলাম। কিন্তু সংশ্লিষ্ট ওয়ার্ডের নার্স দেখতে দেননি। এদিকে ২৪ ঘণ্টায়ও মায়ের জ্বর কমেনি।’

জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আরিফ আহমেদ বলেন, রোগীর কী ওষুধ চলছে, তা জানাটা স্বজনদের কি খুব প্রয়োজন? প্রয়োজন হলে জানানো হবে।

হাসপাতালে আসা ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মানার বিষয়ে জানতে চাইলে আরএমও বলেন, ২৭১ শয্যার এই হাসপাতালে বর্তমানে ৪৫০ জন রোগী ভর্তি আছেন। দেড় হাজারের বেশি মানুষ বহির্বিভাগ থেকে প্রতিদিন চিকিৎসাসেবা ও পরামর্শ নিচ্ছেন। ধারণক্ষমতার চেয়ে দ্বিগুণ মানুষ এই হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসেন। এত মানুষের স্বাস্থ্যবিধি নিশ্চিত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

করোনা নিয়ে প্রেস ব্রিফিং

এদিকে যশোরের সার্বিক করোনা পরিস্থিতি এবং তা নিয়ন্ত্রণ বিষয়ে আজ দুপুরে জেলা প্রশাসক সাংবাদিকদের ব্রিফিং করেন। এ সময় জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান বলেন, যশোর জেলায় করোনা সংক্রমণ একটু বৃদ্ধি পেয়েছে ঠিকই; কিন্তু তা নিয়ন্ত্রণের বাইরে নয়। করোনা নিয়ন্ত্রণে যেসব স্বাস্থ্যবিধি আরোপিত আছে, তা আরও কঠোরভাবে প্রয়োগ করা হচ্ছে।

ব্রিফিংয়ে সিভিল সার্জন শেখ আবু শাহীন বলেন, সীমান্তবর্তী যশোর জেলায় দেশের সর্ববৃহৎ স্থলবন্দর, বিমানবন্দর, রেলজংশন রয়েছে। সড়ক যোগাযোগে বহু জেলার সঙ্গে যশোর সংযুক্ত রয়েছে। সে ক্ষেত্রে করোনাসহ যেকোনো নতুন রোগ সংক্রমণের জন্য এই জেলা এমনিতেই ঝুঁকিপূর্ণ।

প্রেস ব্রিফিংয়ে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান প্রমুখ।