যশোর জেলা বিএনপির কার্যালয়ে ছাত্রলীগের হামলা, নেতা আহত
যশোরে বিএনপি কার্যালয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যাপক ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে যশোর শহরের লালদীঘির পশ্চিম পাড়ে অবস্থিত বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় জেলা বিএনপি নেতা গোলাম রেজাকে ছুরিকাঘাত করা হয়। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে জেলা বিএনপির উদ্যোগে আজ দুপুরে দলের খুলনা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলামের নেতৃত্বে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়।
যশোর জেলা বিএনপির কয়েকজন অভিযোগ করেছেন, ছাত্রলীগের ৫০-৬০ জনের একটি দল জেলা বিএনপি কার্যালয়ে অতর্কিত হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। এ সময় তাঁরা সেখানে থাকা জেলা বিএনপির সদস্য গোলাম রেজাকে ছুরিকাঘাত করে চলে যান। আহত গোলাম রেজাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বলেন, বিএনপি কার্যালয়ে এক মাস ধরে বিনা মূল্যে করোনার টিকা নিবন্ধনের কাজ চলছে। আজ সকালে সেখানে ছাত্রদলের উদ্যোগে দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষ হওয়ার পর বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ বঙ্গবাজারের দিক থেকে জয়বাংলা স্লোগান দিয়ে ছাত্রলীগের একদল উচ্ছৃঙ্খল নেতা-কর্মী দেশীয় অস্ত্র নিয়ে দলীয় কার্যালয়ে হামলা চালান। তাঁরা প্রথমে কার্যালয়ের দরজা ভাঙেন। এরপর তাঁরা কার্যালয়ে থাকা কম্পিউটার, ল্যাপটপ, টেলিভিশন ও চেয়ার-টেবিল ভাঙচুর করেন।
বিএনপি নেতা মুনির আহমেদ বলেন, একপর্যায়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা জেলা বিএনপির সদস্য গোলাম রেজাকে ছুরিকাঘাত এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনকে মারধর করেন। যাওয়ার সময় তাঁরা পুনরায় জয়বাংলা স্লোগান দিতে দিতে চলে যান।
এ সময় ছাত্রলীগের নেতা–কর্মীরা বিএনপির কার্যালয়ের সামনে থাকা ১০টি মোটরসাইকেল ভাঙচুর করেন। আহত বিএনপি নেতা গোলাম রেজাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
জেলা বিএনপির কার্যালয় ও বিএনপির নেতাদের ওপর হামলা চালানোর অভিযোগের বিষয়ে কথা বলার জন্য জেলা ছাত্রলীগের সভাপতি সালাহউদ্দিন কবীর ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদের মুঠোফোনে কয়েকবার ফোন দেওয়া হলেও তাঁরা ধরেননি।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম বলেন, বিএনপি অফিসে ভাঙচুর চালানো হয়েছে। তবে কারা ও কেন ভাঙচুর চালিয়েছে, তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে বিএনপি নেতারা এখনো পর্যন্ত কোনো অভিযোগ দেননি। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।