এবার যশোর জেলায় মধ্যরাত থেকে কার্যকর হচ্ছে বিধিনিষেধ
যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৮ জন মারা গেছেন। এই সময়ে ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২৪.৮০ শতাংশ। যশোরের সিভিল সার্জন কার্যালয় ও জেনারেল হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
করোনাভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির লাগাম টানতে আজ বুধবার রাত ১২টা থেকে ৭ দিন সর্বাত্মক কঠোর বিধিনিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান মঙ্গলবার সন্ধ্যায় এ গণবিজ্ঞপ্তি জারি করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যশোরে ১৫ দিনের বিধিনিষেধ কার্যকর করেও করোনাভাইরাসের সংক্রমণ কমানো যায়নি। এ কারণে আরও ৭ দিন বাড়িয়ে এবার সর্বাত্মক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ৩০ জুন পর্যন্ত কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
নতুন করে জারি করা বিধিনিষেধের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংক্রমণ বেড়ে যাওয়ায় বিধিনিষেধ এলাকাভিত্তিক থেকে জেলাজুড়ে সম্প্রসারণ করা হয়েছে। এই বিধিনিষেধ কার্যকর করতে এবার আরও কঠোর হবে প্রশাসন। ওষুধের দোকান ছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকবে। হোটেল- রেস্তোরাঁ, বিপণিবিতান-শপিং মল বন্ধ থাকবে। পণ্যবাহী ট্রাক ও অ্যাম্বুলেন্স ছাড়া সব গণপরিবহন বন্ধ থাকবে।
বুধবার বেলা ১১টার দিকে যশোর শহরের বড় বাজারের মাছ ও কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, বাজারে লোকজনের সমাগম অন্যদিনের তুলনায় কম। ক্রেতা-বিক্রেতাদের অধিকাংশের মুখে মাস্ক রয়েছে। বাজারের সব কটি প্রবেশমুখে লোহার ব্যারিকেড দিয়ে আটকে রাখা হয়েছে। ভ্যান-রিকশা এমনকি মোটরসাইকেল-বাইসাইকেল নিয়েও কাউকে বাজারে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। হেঁটে হেঁটে সবাইকে বাজারে যেতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান বলেন, ‘মানুষকে বাজারে যেতে নিরুৎসাহী করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দেখা যাবে, কাল থেকে ভ্যানে করে সবজি ও মাছ বিক্রি হচ্ছে পাড়ায় পাড়ায়। তখন ঘরে বসেই মানুষ বাজার সদাই করতে পারবেন।’
যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, এ হাসপাতালের করোনা রেড ও ইয়োলো জোনে ১০৭ শয্যার স্থানে ১৪১ জন ভর্তি আছেন। এর মধ্যে রেড জোনে ৮৮ ও ইয়োলো জোনে ৫৩ জন ভর্তি আছেন। হাসপাতালের কোনো শয্যা খালি নেই।
গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত—এই ২৪ ঘণ্টায় করোনায় রেড জোনে তিনজন ও উপসর্গ নিয়ে ইয়োলো জোনে ৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ সময়ের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ২২ জন ও উপসর্গ নিয়ে ৫৩ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন।
করোনার আতঙ্ক ও বিধিনিষেধের কারণে হাসপাতালে অন্যান্য সাধারণ রোগীর চাপ কমেছে। এ বিষয়ে জানতে চাইলে জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ বলেন, ‘স্বাভাবিক সময়ে হাসপাতালে ৪৫০ থেকে ৫০০ জনের মতো রোগী ভর্তি থাকে। করোনা আতঙ্ক ও গণপরিবহন বন্ধ থাকায় সাধারণ রোগীর চাপ কমেছে। এখন এখানে ৩৬৭ জন রোগী রয়েছে। এর মধ্যে প্রায় অর্ধেকই করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু হয়েছে।’
২৪ ঘণ্টায় ১২১ জনের করোনা শনাক্ত
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, যশোরে ৪৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১২১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৪.৮০ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৪০ শতাংশ। এ পর্যন্ত যশোর জেলায় ১০ হাজার ১৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ্ হয়েছেন ৬ হাজার ৭৮৮জন।