যশোর বোর্ডে সেরা খুলনা জেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর বোর্ডের মধ্যে সবচেয়ে ভালো করেছে খুলনা জেলার স্কুলগুলো। এ বছর যশোর বোর্ডে গড় পাসের হার ৯০ দশমিক ৮৮ শতাংশ হলেও বোর্ডের অধীন খুলনা জেলায় পাসের হার ৯৪ দশমিক ৩৪ শতাংশ। গত বছর খুলনা জেলায় পাসের হার ছিল ৮১ দশমিক ২৭ শতাংশ। খুলনা পাসের হারে ২০১৭ সালে বিভাগের শীর্ষে থাকলেও গত বছর দ্বিতীয় স্থানে চলে যায়। এ বছর আবার বোর্ডের মধ্যে খুলনা শীর্ষস্থানে উঠে এসেছে।

যশোর বোর্ড সূত্রে জানা গেছে, গত বছরের চেয়ে বোর্ডে পাসের হার ও জিপিএ ৫ পাওয়ার সংখ্যা বেড়েছে। শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে। এদিকে পাসের হারে বিভাগের ১০ জেলার মধ্যে খুলনার পর সাতক্ষীরা জেলায় ৯৩ দশমিক ৫৪ শতাংশ, বাগেরহাট জেলায় ৯২ দশমিক ৯৪ শতাংশ, মাগুরা জেলায় ৯১ দশমিক ৯৮ শতাংশ এবং যশোর জেলায় ৯০ দশমিক ৫৫ শতাংশ পাসের হার নিয়ে তালিকার শীর্ষ পাঁচে আছে। এরপর পাসের হারে বোর্ডের বাকি পাঁচ জেলার ক্রম হলো মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কুষ্টিয়া ও নড়াইল জেলা।

এ বছর খুলনা জেলার ৫৫টি কেন্দ্রে ৩৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২৭ হাজার ২১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২৫ হাজার ৬৭১ জন। এ বছর জেলায় মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল। পাসের হারেও এগিয়ে মেয়েরা। খুলনা থেকে ১২ হাজার ৫৪৭ জন ছেলে এবং ১৩ হাজার ১২৪ জন মেয়ে পাস করেছে। জেলা থেকে ৯৪ দশমিক ৮১ শতাংশ মেয়ে এবং ৯৩ দশমিক ৮৫ শতাংশ ছেলে পাস করেছে। গত দুই বছর ধরে এই জেলায় মেয়েদের পাসের হার বেশি।

জেলার স্কুলগুলোর মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছে খুলনা জিলা স্কুল। এ বছর স্কুলটি থেকে ৪৮৬ জন অংশ নিয়ে ৪৮০ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ২৩৯ জন। পাসের হার ৯৮ দশমিক ৭৭ শতাংশ, জিপিএ ৫ পাওয়ার হার ৪৯ দশমিক ১৮ শতাংশ। গত বছর জিপিএ ৫ পেয়েছিল ২৬৩ জন। ২০১৭ সালে জিপিএ ৫ পেয়েছিল ১৭৮ জন। ওই দুই বছরও সেটাই ছিল জেলার মধ্যে সবচেয়ে বেশি। এর আগে ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় স্কুলটি থেকে ২৬৪ জন জিপিএ-৫ পেয়েছিল।

জিলা স্কুলের প্রধান শিক্ষক ফারহানা নাজ প্রথম আলোকে বলেন, আরও ভালো ফলের আশা ছিল। তারপরও জেলার মধ্যে আমাদের স্কুলে সবচেয়ে বেশি জিপিএ ৫ পেয়েছে।

সংখ্যার হিসেবে জিপিএ-৫ প্রাপ্তির মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিদ্যালয় থেকে এ বছর ৩৮৮ জন অংশ নিয়ে ৩৮৬ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ২১৭ জন। পাসের হার ৯৯ দশমিক ৮৪ শতাংশ, জিপিএ ৫ পাওয়ার হার ৫৫ দশমিক ৯৩ শতাংশ। স্কুলটি থেকে ২০১৮ সালে ৩৯৬ জন অংশ নিয়ে ৩৯৪ জন পাস করে। জিপিএ ৫ পেয়েছিল ২৩১ জন। ২০১৭ সালে জিপিএ-৫ পেয়েছিল ১৫৩ জন। গত বছরের চেয়ে স্কুলটিতে জিপিএ ৫ পাওয়ার সংখ্যা কমেছে।

খুলনা খুলনার সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন আক্তার প্রথম আলোকে বলেন, গত বছরের তুলনায় এবারের ব্যাচ কিছুটা দুর্বল। তা ছাড়া অনেকে কোচিং নির্ভর হয়ে পড়েছে বলেও ক্লাসে আনা যাচ্ছিল না। আরও বেশি জিপিএ ৫ পাওয়ার আশা ছিল। সব মিলিয়ে আশানুরূপ ফল হয়েছে।

অন্যান্যবারের মতো এবারও ফলাফলে ভালো করেছে ফুলতলার মিলিটারি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ (এমসিএসকে)। বিদ্যালয়টি থেকে ১৩৬ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ১৩২ জন। গত বছরও বিদ্যালয়টি থেকে ১৩২ জন অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ ৫ পেয়েছিল ১২০ জন। গতবছর প্রায় ৯১ শতাংশ জিপিএ ৫ পেয়ে জিপিএ ৫ পাওয়ার শতাংশের হারে এই প্রতিষ্ঠানটি ছিল জেলার মধ্যে সর্বোচ্চ। এবার জিপিএ ৫ পাওয়ার হার ৯৭ দশমিক শূন্য ছয় শতাংশ। যা জেলার মধ্যে হারের দিকে সর্বোচ্চ।

কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম আনিসুজ্জামান বলেন, শিক্ষার্থীদের প্রচেষ্টা, অভিভাবকদের সহায়তা ও শিক্ষকদের পরিশ্রমের কারণে পরীক্ষায় ভালো ফল হয়েছে। পাসের হার, জিপিএ ৫ পাওয়ার হার সবকিছু মিলিয়ে আমরা জেলার মধ্যে সেরা।

নগরের কুয়েট এলাকায় গভ. ল্যাবরেটরি হাই স্কুল থেকে এবার ১৭২জন পরীক্ষা দিয়ে শতভাগ পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৯৫ জন।

খুলনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ২১২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২১০ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৮১ জন। গত বছর ও তার আগের বছর কলেজটি থেকে শতভাগ পাস করেছিল। গতবার জিপিএ ৫ পেয়েছিল ১১৯ জন। গত চার বছরের মধ্যে এবার কলেজ থেকে সবচেয়ে কম জিপিএ ৫ পেয়েছে।

খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবার ১৪৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ১৪৫ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৫৫ জন। গতবারের চেয়ে সবদিক দিয়ে এবার ভালো করেছে স্কুলটি।

নগরের সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয় থেকে এ বছর ১৯১ জন অংশ নিয়ে শতভাগ পাস করেছে। গত বছর ১৮১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছিল ১৮০ জন, জিপিএ-৫ পেয়েছিল ৯৩ জন, এ বছর জিপিএ ৫ পেয়েছে ৯২ জন। পাসের হারে গত বছরের চেয়ে ভালো করেছে স্কুলটি।

সরকারি মডেল স্কুল থেকে এবার ৩৭৪ জন পরীক্ষা দিয়ে ৪৯ জন ফেল করেছে, জিপিএ ৫ পেয়েছে মাত্র ১২ জন। খুলনার সরকারি স্কুলগুলোর মধ্যে এটির ফলাফল সবচেয়ে খারাপ।
সরকারি ইকবাল নগর গার্লস হাইস্কুল থেকে এবার ৩১৪ জন পরীক্ষা দিয়ে ২৯৮ জন পাস করেছে জিপিএ ৫ পেয়েছে ৩৯ জন।

খুলনা কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কেসিসি উইমেন্স কলেজ থেকে ২৯১ জন অংশ নিয়ে ২৮৫ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৭৮ জন। গত বার জিপিএ ৫ পেয়েছিল ৭০ জন। পাসের হার ও জিপিএ ৫ এ গতবারের চেয়ে ভালো করেছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ থেকে ২২২ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ২১৯ জন। জিপিএ ৫ পেয়েছে ৭৭ জন। খালিশপুর রোটারি স্কুল থেকে ১৫৭ পরীক্ষার্থীর মধ্যে ১৫৪ জন পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ২৭ জন।