যশোর শহরে ছুরিকাঘাত করে কেব্ল ব্যবসায়ীকে হত্যা
যশোর শহরের শংকরপুর এলাকায় ইয়াসিন আরাফাত (৩০) নামের এক কেব্ল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত আটটার দিকে শহরের শংকরপুর ব্রাদার্স ক্লাবে এ ঘটনা ঘটে।
এ হত্যাকাণ্ডের পর স্থানীয় বেজপাড়া তালতলা বাজার, আকবরের মোড়সহ আশপাশের এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায় এবং এসব এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইয়াসিন যশোর শহরের বেজপাড়া পানির ট্যাংক এলাকার মনির হোসেনের ছেলে। তিনি এলাকায় ইন্টারনেট–সংযোগের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় ইয়াসিন বেজপাড়া ব্রাদার্স ক্লাবে ছিলেন। ওই সময় একদল লোক এসে তাঁকে এলোপাতাড়িভাবে কুপিয়ে পালিয়ে যায়। এরপর ইয়াসিন রক্তাক্ত অবস্থায় নিজেই রিকশায় চড়ে যশোর জেনারেল হাসপাতালে যান। সেখানে জরুরি বিভাগে পৌঁছানোর পর তাঁর মৃত্যু হয়।
যশোর জেলা পুলিশের মুখপাত্র ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুপম কুমার সরকার বলেন, কারা, কী কারণে ইয়াসিনকে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না। তবে ইয়াসিন একসময় সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। ধারণা করা হচ্ছে, স্থানীয় আধিপত্য বিস্তার ও এলাকায় কেব্ল ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে।