যশোর শিক্ষাবোর্ডে এইচএসসির পুনর্নিরীক্ষার ফল প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে যশোর শিক্ষা বোর্ডের ৪৪ পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে অকৃতকার্য থেকে কৃতকার্য হয়েছেন ২১ জন। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৪ জন। অন্যান্য গ্রেড পরিবর্তন হয়েছে আরও নয়জনের।

আজ রোববার যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবারের এইচএসসির খাতা পুনর্নিরীক্ষার জন্য যশোর বোর্ডের অধীনে ৪ হাজার ৫৬৩ পরীক্ষার্থী আবেদন করেছিলেন।

করোনা মহামারির কারণে দেড় বছর ক্লাস বন্ধ থাকায় ২০২১ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা ছিল গতানুগতিক ধারা থেকে ভিন্ন। পরীক্ষা হয় তিনটি নৈর্বাচনিক বিষয়ে। গত ১৩ ফেব্রুয়ারি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। কাঙ্ক্ষিত ফল না পেয়ে গত ১৪ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষার্থীরা ফল পুনর্নিরীক্ষার জন্য আবেদন করেন। পরে ২৪ জন শিক্ষক দিয়ে সাড়ে চার হাজার শিক্ষার্থীর খাতা পুনর্নিরীক্ষণ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, খাতা পুনর্নিরীক্ষায় যেসব শিক্ষকের দায়িত্বে অবহেলা বা ভুল ধরা পড়েছে, সেসব শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। দুই থেকে তিন বছর তাঁরা বোর্ডের পরীক্ষার খাতা মূল্যায়ন করতে পারবেন না। এ ছাড়া সভা-সমাবেশ করে তাঁদের ভুলগুলো জানিয়ে দেওয়া হবে। এতে তাঁরা শুধরানোর সুযোগ পাবেন।