যশোর শিশু উন্নয়ন কেন্দ্র: তিন শিশুকে পিটিয়ে হত্যার ঘটনায় ১২ জন জড়িত
যশোরের শিশু উন্নয়ন কেন্দ্রের (বালক) তিন শিশুকে পিটিয়ে হত্যার ঘটনায় ১২ জন জড়িত থাকার প্রমাণ মিলেছে। তিন শিশু হত্যা মামলার অভিযোগপত্র শুক্রবার আদালতে জমা দিয়েছে পুলিশ। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক চার শিশুর নামে ‘দোষীপত্র’ আদালতে জমা দেওয়া হয়। পুলিশ ও আদালতসংশ্লিষ্ট সূত্রে আজ শনিবার এসব তথ্য জানা যায়। অভিযোগপত্রটি আমলে নেওয়ার জন্য আগামীকাল রোববার বিচারকের কাছে উপস্থাপন করা হবে।
অভিযুক্ত ১২ জনের মধ্যে চারজনই যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা। তাঁরা হলেন সাময়িক বরখাস্ত হওয়া কেন্দ্রের সাবেক তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) আবদুল্লাহ আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক (প্রবেশন অফিসার) মাসুম বিল্লাহ, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর এ কে এম শাহানুর আলম ও সাইকো সোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমান।
মামলার তদন্ত কর্মকর্তা শহরের চাঁচড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. রকিবুজ্জামান বলেন, এ মামলায় ১৩ জন আসামি ছিলেন। তদন্ত শেষে ১২ জনের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। এঁদের মধ্যে চারজন কর্মকর্তা ও চারজন প্রাপ্তবয়স্ক বন্দী হওয়ায় তাঁদের নামে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। অপ্রাপ্তবয়স্ক চারজনের নামে আদালতে ‘দোষীপত্র’ জমা দেওয়া হয়। অভিযুক্ত সবাই আটক আছেন। তিনি বলেন, তদন্তে শিশু উন্নয়ন কেন্দ্রের সাময়িক বরখাস্ত হওয়া কারিগরি প্রশিক্ষক (ওয়েল্ডিং) ওমর ফারুকের জড়িত থাকার প্রমাণ মেলেনি। এ কারণে মামলা থেকে তাঁর অব্যাহতির আবেদন জানানো হয়েছে।
মামলা ও আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কেন্দ্রের প্রধান প্রহরী নূর ইসলামকে মারপিটের জেরে গত বছর ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ১৮ বন্দী শিশুকে কর্মকর্তাদের নির্দেশে নির্যাতন করা হয়। এতে বগুড়ার শিবগঞ্জের তালিবপুর পূর্বপাড়ার নান্নু প্রামাণিকের ছেলে নাঈম হোসেন, খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশা সেনপাড়ার রোকা মিয়ার ছেলে পারভেজ হাসান ওরফে রাব্বি ও বগুড়ার শেরপুরের মহিপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে রাসেল হোসেন মারা যায়। গুরুতর আহত হন আরও ১৫ জন।
এ ঘটনায় নিহত পারভেজ হাসানের বাবা রোকা মিয়া যশোর জেলার কোতোয়ালি থানায় ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। তদন্ত শেষে ওই মামলায় ১২ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।
এ ব্যাপারে জানতে চাইলে আদালতের পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, ‘গতকাল শুক্রবার অভিযোগপত্র হাতে পেয়েছি। অভিযোগপত্রটি আমলে নেওয়ার জন্য আগামীকাল রোববার বিচারকের সামনে উপস্থাপন করা হবে।’