যশোরে অগ্নিনির্বাপণ যন্ত্রের বিস্ফোরণে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু
যশোরে অগ্নিনির্বাপণ যন্ত্রের বিস্ফোরণে এক বীর মুক্তিযোদ্ধা মারা গেছেন। আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে নিজ বাড়ির উঠানে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত মুক্তিযোদ্ধার নাম শেখ আনোয়ারুল ইসলাম (৮০)। তিনি যশোর ফায়ার সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মী। চাকরি থেকে অবসরের পর তিনি অগ্নিনির্বাপণ যন্ত্রের ব্যবসা করতেন।
আনোয়ারুলের ছেলে মারুফ হোসেন বলেন, আজ সকালে তাঁর বাবা বাড়ির উঠানে গ্যাস সিলিন্ডার নাড়াচাড়া করছিলেন। এ সময় হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আনোয়ারুলের পুরো শরীর দগ্ধ হয়। পরে তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ বলেন, সকাল পৌনে ১০টার দিকে দগ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, অগ্নিনির্বাপণ যন্ত্রের বিস্ফোরণে বীর মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলামের মুখমণ্ডল ও দুই পা দগ্ধ হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।