যশোরে আজ এক দিনে ৭০ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

যশোরে আজ মঙ্গলবার এক দিনে ৭০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ২৮৯ জনের নমুনা পরীক্ষা করে এই প্রতিবেদন পাওয়া যায়। জেলায় সাম্প্রতিক সময়ে এটাই এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্তের ঘটনা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার রাতে এই ল্যাবে মোট ৩২২টি নমুনা পরীক্ষা করা হয়। আজ দুপুরে প্রতিবেদন আসে। এর মধ্যে ৭৫টি নমুনার পজিটিভ ফল আসে। পরীক্ষিত নমুনাগুলোর মধ্যে যশোর জেলার ছিল ২৮৯টি। এর মধ্যে ৭০টি পজিটিভ ফল আসে। এ ছাড়া মাগুরার ২২ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের এবং নড়াইলের ১১ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। পরীক্ষার ফলাফল সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

জেলায় সাম্প্রতিক সময়ে এটাই এক দিনে সর্বোচ্চ করোনা শনাক্তের ঘটনা।

এর আগে গতকাল রাতে জিনোম সেন্টার থেকে জানানো হয়েছিল, যশোরের আরও আটজনের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরন পাওয়া গেছে। তবে তাঁদের কেউই সম্প্রতি ভারতে যাননি।

সাতটি জেলায় করোনা পরিস্থিতি সরকারের স্বাস্থ্য অধিদপ্তরকে উদ্বিগ্ন করে তুলেছে। এর মধ্যে খুলনা বিভাগের চারটি জেলা যশোর, সাতক্ষীরা, খুলনা ও কুষ্টিয়া রয়েছে। বাকি জেলাগুলো হলো নওগাঁ, নাটোর ও রাজশাহী। স্বাস্থ্য অধিদপ্তরের কমিটি এই সাত জেলাকে লকডাউন করতে সুপারিশ করেছে। এর বাইরে চাঁপাইনবাবগঞ্জে ইতিমধ্যে লকডাউন চলছে।

যশোর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যশোরে এখনই কঠোর লকডাউন না দিয়ে অন্যভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের কথা ভাবা হচ্ছে। সেই অনুযায়ী গত দুই দিন জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্ক পরা, ভিড় এড়ানোর পরামর্শ দিচ্ছেন। যারা এসব সতর্কতা মানছে না, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।