যশোরে আরও ৪৭০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১০
কঠোর বিধিনিষেধ চলমান থাকার মধ্যেই যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও পাঁচজন। একই সময়ে জেলার ৪৭০ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। যশোরের সিভিল সার্জন ও জেনারেল হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির লাগাম টানতে যশোরে টানা তিন সপ্তাহের কঠোর বিধিনিষেধ চলছে। ৯ জুন থেকে ২৩ জুন পর্যন্ত এলাকাভিত্তিক বিধিনিষেধ আরোপ করা হয়। এতে সংক্রমণ না কমায় জেলাজুড়ে আরও সাত দিনের বিধিনিষেধ আরোপ করে গণবিজ্ঞপ্তি জারি করে জেলা প্রশাসন। বিধিনিষেধের ১৭তম দিনেও সংক্রমণের গতি কমেনি।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও খুলনা মেডিকেল কলেজের ল্যাবে ৯৫১ জনের নমুনা পরীক্ষা করে ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯ দশমিক ৪২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় জেলায় করোনায় আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা ডেডিকেটেড যশোর জেনারেল হাসপাতালের রেড জোন ও খুলনার গাজী মেডিকেলে দুজন (তাঁদের বাড়ি যশোরের কেশবপুর ও মনিরামপুর উপজেলায়) করে এবং মনিরামপুরে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে জেলায় করোনায় মোট ১২৯ জনের মৃত্যু হয়েছে। মোট আক্রান্ত হয়েছে ১১ হাজার ১৮৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৮৮৮ জন। এ ছাড়া করোনার উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশন (ইয়েলো) ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় পাঁচজনের মৃত্যু হয়েছে।
যশোর জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ‘যশোরে করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। তারপরও সংক্রমণের হার একই রকম রয়েছে। আশা করছি, করোনা সংক্রমণ এর চেয়ে আর বাড়বে না। কারণ, মানুষ কঠোর বিধিনিষেধ মেনে চলছে। সপ্তাহখানেক পরে এর সুফল দেখা যাবে বলে আশা করছি।’