যশোরে আরও ৮ জনের মৃত্যু, বিধিনিষেধ সাত দিন বাড়ল
গত ২৪ ঘণ্টায় যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। যশোরে ৬১৮ জনের নমুনা পরীক্ষা করে ২৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার ৪১ শতাংশ। যশোর সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
এদিকে করোনা সংক্রমণ পরিস্থিতির লাগাম টানতে আরও সাত দিন বিধিনিষেধ বাড়ানো হয়েছে। এই সাত দিন সর্বাত্মক বিধিনিষেধ প্রতিপালনের জন্য নতুন করে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ৩০ জুন পর্যন্ত প্রশাসন আরও কঠোর অবস্থানে থাকবে বলে করোনা প্রতিরোধ কমিটির সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, যশোরে ১৫ দিনের বিধিনিষেধ কার্যকর করেও করোনা সংক্রমণের গতি কমানো যায়নি। এ কারণে আরও সাত দিন বাড়িয়ে এবার সর্বাত্মক বিধিনিষেধ প্রতিপালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩০ জুন পর্যন্ত আরও কঠোর অবস্থানে থাকবে প্রশাসন।
যশোরে প্রতিদিনই করোনার সংক্রমণ বাড়ছে। যশোর জেনারেল হাসপাতালে করোনা ইউনিট ও আইসোলেশন ওয়ার্ডে কোনো শয্যা খালি নেই। এমনকি মেঝেতেও কোনো জায়গা নেই। যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, এ হাসপাতালের রেড ও ইয়েলো জোন মিলিয়ে শয্যা রয়েছে ১০৭টি। সেখানে রোগি ভর্তি আছেন ১৩৮ জন।
জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আরিফ আহমেদ বলেন, হাসপাতালে করোনায় আক্রান্ত ও করোনার উপসর্গ নিয়ে আসা রোগীর চাপ সামাল দেওয়া যাচ্ছে না। রোগীর এত চাপ যে শয্যা দেওয়া যাচ্ছে না। এমনকি ওয়ার্ডের মেঝেতেও জায়গা দেওয়া যাচ্ছে না।