যশোরে উদীচীর বর্ষবরণের ফেস্টুন খুলে ফেলল পৌর কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর জেলার ম্যাপ
প্রথম আলো

যশোর শহরের ঈদগাহ মোড়ে উদীচীর বাংলা বর্ষবরণ উদ্‌যাপনের ফেস্টুন খুলে ফেলেছে পৌর কর্তৃপক্ষ। গতকাল শনিবার পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা সেখানে লাগানো পাঁচটি ফেস্টুন খুলে নিয়ে যান। এ ঘটনার নিন্দা জানিয়েছেন যশোরের সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা।

উদীচী ও নানা সাংস্কৃতিক সংগঠনের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্ষবরণ উপলক্ষে যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠান করার জন্য মাসব্যাপী প্রস্তুতি নিতে থাকে। এসব অনুষ্ঠানের সূচি জানিয়ে মোড়ে মোড়ে টানানো হয় নানা ব্যানার–ফেস্টুন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের কর্মীরা গত বৃহস্পতিবার শহরের ঈদগাহ মোড়ে ফেস্টুন টানান। গতকাল সেগুলো খুলে ফেলে পৌর কর্তৃপক্ষ।

উদীচী যশোর জেলা সংসদের সহসভাপতি আমিনুর রহমান অভিযোগ করে বলেন, যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খানের নির্দেশে পরিচ্ছন্নতাকর্মীরা ঈদগাহ মোড়ের পাঁচটি ফেস্টুন সরিয়ে নিয়েছেন। তাঁদের সংগঠন এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য গতকাল রাত সাড়ে ১০টার দিকে যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খানের মুঠোফোনে একাধিকবার কল করা হয়। তিনি কল ধরেননি। খুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেননি। তবে স্থানীয় সাংবাদিকদের কাছে তিনি বলেছেন, ‘বিপুল টাকা ব্যয়ে ঈদগাহ মোড়ে গোলচত্বরের সৌন্দর্য বর্ধন করেছি। সেটি নষ্ট করা যাবে না। উদীচীকে আমরা ফেস্টুন খুলে নিতে বললে তারাই খুলে নিয়েছে।’

সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান বলেন, পৌর কর্তৃপক্ষের উচিত ছিল উদীচীর নেতা–কর্মীদের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা। পৌর মেয়রের সৌজন্য বোধের অভাব আছে।