যশোরে করোনা সংক্রমণের হার নিম্নমুখী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর জেলায় করোনা সংক্রমণের হার কমেছে। গত ১৪ দিনে শনাক্ত ৩৫ শতাংশে নেমেছে। গত জুন মাসজুড়ে গড়ে এই হার ছিল ৪৮। চলমান বিধিনিষেধ প্রতিপালনে সংক্রমণ আরও নিম্নমুখী হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সীমান্তবর্তী জেলা যশোরে করোনার সংক্রমণের হার যখন ঊর্ধ্বমুখী, কোনোভাবেই সংক্রমণের লাগাম টেনে ধরা যাচ্ছিল না, তখন কঠোর বিধিনিষেধ জারি করে জেলা প্রশাসনের পক্ষ থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। কোরবানির ঈদের আগে টানা এক মাস যশোরে কঠোর বিধিনিষেধ প্রতিপালন করা হয়। ঈদ উপলক্ষে মধ্যে সপ্তাহখানেক বিধিনিষেধ তুলে নেওয়া হয়। তখন সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধির কোনো বালাই ছিল না। এ কারণে সংক্রমণ বৃদ্ধির নতুন শঙ্কা দেখা দেয়। এ পরিস্থিতিতে যশোরে আগের মতোই কঠোর বিধিনিষেধ প্রতিপালন করা হচ্ছে।

সারা দেশে সকাল থেকে বেলা তিনটা পর্যন্ত কাঁচাবাজার ও নিত্যপণ্যের দোকান খোলা থাকলেও যশোরে আগের মতো দুপুর ১২টা পর্যন্ত খোলা থাকছে। এরপর দোকানপাট বন্ধ রাখা এবং মানুষের চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।

রোববার দুপুরে যশোর শহরের বড় বাজারের মাছ ও কাঁচাবাজারে গিয়ে দেখা গেছে, মানুষের উপচে পড়া ভিড়। তবে অধিকাংশ মানুষের মুখে মাস্ক ছিল। কিন্তু বেশির ভাগ ব্যবসায়ীর মুখে মাস্ক দেখা যায়নি। বাজারের কোথাও হাত ধোয়া ও জীবাণুনাশক ছিটানোর ব্যবস্থা করা হয়নি।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় যশোরে ৪৩৭ জনের নমুনা পরীক্ষা করে ১৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার ৩১ দশমিক ১২। এ সময় জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ছয়জন। এ পর্যন্ত যশোরে করোনায় মারা গেছেন ৩১১ জন। মোট আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ৬৫২ জন।

যশোর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত জুন মাসের প্রথম ১৫ দিনে জেলায় শনাক্তের হার ছিল ৩৮ দশমিক ৯১। এরপর সংক্রমণের গতি ক্রমেই বাড়তেই থাকে, যা ৪৮ দশমিক ৯৩ শতাংশে উঠে যায়। চলতি মাসের শুরু থেকেই সংক্রমণ কিছুটা কমতে থাকে। চলতি জুলাই মাসের শেষ ১৫ দিনে সংক্রমণের গতি আরও নিম্নমুখী হয়েছে। এখন দিনে ৩৫ শতাংশ করোনায় আক্রান্ত হচ্ছে। আগামী ৫ আগস্ট পর্যন্ত বিধিনিষেধ চলমান থাকলে সংক্রমণের হার আরও কমে আসবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।

যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ‘করোনা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসক, পুলিশ ও স্বাস্থ্য বিভাগের পাশাপাশি জনপ্রতিনিধিরাও এগিয়ে এসেছেন। এখন সামগ্রিকভাবে কাজ করা হচ্ছে। যশোরের সাধারণ মানুষ ও ব্যবসায়ীরাও চলমান বিধিনিষেধ প্রতিপালনে সহযোগিতা করছেন। এ কারণে সংক্রমণের গতি কিছুটা কমেছে। চলমান ১৪ দিনের বিধিনিষেধ কঠোরভাবে প্রতিপালন করলে সংক্রমণ আরও কমে আসবে বলে আমরা আশাবাদী।’