যশোরে করোনাকালে বিভিন্ন সেবা দিচ্ছেন স্বেচ্ছাসেবীরা
যশোর শহরের উকিল বার মোড়ের এক পাশে টেবিলের ওপরে সারি সারি বিরিয়ানির প্যাকেট সাজিয়ে রাখা। রিকশাচালক, দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ সেখান থেকে একটি করে প্যাকেট তুলে নেন। একবেলার খাবার পেয়ে তাঁরা বেশ খুশি। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে একবেলার খাবার বিতরণ করা হয়।
সরেজমিনে দেখা যায়, উকিল বার মোড়ের ঈদগাহ মাঠের এক পাশে উদীচীর বন্ধুরা একটি টেবিল বসিয়ে খাবার প্যাকেট সাজিয়ে রাখছেন। রিকশাচালকেরা সেখানে গিয়ে রিকশা থামিয়ে এক প্যাকেট করে খাবার নিয়ে যাচ্ছেন। ভ্রাম্যমাণ আম-কলা বিক্রেতারাও দাঁড়িয়ে খাবার প্যাকেট নিচ্ছেন। টেবিলের ওপরের খাবারের প্যাকেট শেষ হলে পাশের মাইক্রোবাসের ভেতরে থেকে প্যাকেট এনে আবার সাজিয়ে রাখা হচ্ছে। এভাবে ২২০ জনের মধ্যে একবেলার খাবার বিতরণ করা হয়।
ওই মোড়ে ভ্যানে করে কলা বিক্রি করেন চুয়াডাঙ্গা জেলার আনছারবাড়িয়া এলাকার হাফিজুর রহমান। তিনিও ওই খাবার নিয়ে দুপুরে খেয়েছেন। হাফিজুর বলেন, ‘বিধিনিষেধের কারণে যশোর শহরের সব হোটেল-রেস্তোরাঁ বন্ধ রয়েছে। দুপুরে খাওয়ার কোনো ব্যবস্থা নেই। প্রতিদিনই দুপুরে না খেয়েই কাটাতে হয়। আজ দুপুরে খাবারের প্যাকেটটা হাতে পেয়ে খুবই তৃপ্তি নিয়ে খেলাম। এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে আমাদের মতো নিম্ন আয়ের মানুষের খুব উপকার হয়।’
উদীচী যশোর জেলা সংসদের সাবেক সভাপতি সৌমেশ মুখার্জী বলেন, করোনাকালের সেবা হিসেবে ২৫ জুন থেকে তাঁদের কার্যক্রম চলমান আছে। এর মধ্যে ছয় দিন নিম্ন আয়ের দিনমজুর শ্রেণির মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। করোনা রোগীদের বিনা মূল্যে ২৪ ঘণ্টার অক্সিজেন পরিষেবা ও টেলিফোনে চিকিৎসা পরামর্শসেবা দেওয়া হচ্ছে। টিকার জন্য নিবন্ধন করে দেওয়া হচ্ছে। বিশুদ্ধ পানির জন্য যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিট, জনতা হসপিটাল ও আধুনিক হসপিটালে ছয়টি ফিল্টার বসানো হয়েছে।
শুধু উদীচী শিল্পীগোষ্ঠী নয়, যশোরের অন্তত ১২টি স্বেচ্ছাসেবী সংগঠন হাসপাতালে রোগীর স্বজনদের জন্য একবেলার খাবার, অক্সিজেন পরিষেবা, মাস্ক, ওষুধ, চিকিৎসা পরামর্শসহ বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছে।
যশোর শিক্ষা বোর্ডের এসএসসি-৯১ ব্যাচের শিক্ষার্থীরা প্রতিদিন রাত আটটায় যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে রান্না করা খাবার বিতরণ করছেন। বিধিনিষেধ চলা পর্যন্ত এ সেবা অব্যাহত থাকবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।
জুম বাংলাদেশ, আর্স বাংলাদেশ ও রোটারি ক্লাব অব রূপান্তর নামে তিনটি সংগঠনের উদ্যোগে হাসপাতালের টিকিট কাউন্টারের পাশে প্রতিদিন সকালে ২০০ জনের মধ্যে খাবার বিতরণ করা হচ্ছে।
কুকুর-বিড়ালের জন্য খাবার
মানুষের খাবার সরবরাহের পাশাপাশি গত সোমবার থেকে কুকুর-বিড়ালকে রান্না করা মাংস-খিচুড়ি দেওয়া হচ্ছে। সামাজিক সংগঠন মৈত্রী মানবিক সহায়তা তহবিল পরিচালিত মৈত্রী ভলান্টিয়ার্স এ কাজ পরিচালনা করছে।
অক্সিজেন সেবা
১১২টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে ২৪ ঘণ্টা বিনা মূল্যে অক্সিজেন সেবা দিচ্ছে মৈত্রী ভলান্টিয়ার্স। সংগঠনটি এ পর্যন্ত ৩৫৭ জন করোনা রোগীকে অক্সিজেন সেবা দিয়েছে। ফোন পেলেই অক্সিজেন নিয়ে বাড়িতে হাজির হচ্ছেন সংগঠনের কর্মীরা।
অক্সিজেন সেবা নিশ্চিত করার জন্য বিবর্তন যশোরের বন্ধুরা ২৪ ঘণ্টাই সংগঠন কার্যালয়ে প্রস্তুত থাকেন। মুমূর্ষু কোনো রোগীর অক্সিজেনের দরকার হলেই মোটরসাইকেল বা সাইকেলে করে সংগঠনের স্বেচ্ছাসেবীরা অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন।
বিবর্তন যশোরের সহসভাপতি মানস বিশ্বাস বলেন, বিবর্তনের অক্সিজেন ব্যাংকে এখন ৫৫টি অক্সিজেন সিলিন্ডার আছে। এ পর্যন্ত তাঁরা ১২৪ জনকে অক্সিজেন সেবা দিয়েছেন। করোনা রোগীর অক্সিজেন দরকার হলেই তাঁরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে বাড়ি বাড়ি ছুটে যাচ্ছেন।