যশোরে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে সর্বোচ্চ ১২ জনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

যশোর জেনারেল হাসপাতালে গত সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে (রেড জোন) করোনা শনাক্ত আটজন এবং আইসোলেশন ওয়ার্ডে (ইয়েলো জোন) উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।

এই হাসপাতালে এক দিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। পাশাপাশি জেলাতেও করোনায় এটি এক দিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। সর্বশেষ মারা যাওয়া এই ব্যক্তিদের বয়স ৪০ থেকে ৯০ বছরের মধ্যে। এদিকে যশোর সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৪০ জনের নমুনা পরীক্ষা করে ৩০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮ দশমিক ১৩ শতাংশ।

জেলায় গত ২৪ ঘণ্টায় ৬৪০ জনের নমুনা পরীক্ষা করে ৩০৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে করোনা ইউনিটে ৮৫ শয্যার বিপরীতে ৯১ জন এবং আইসোলেশন ওয়ার্ডে ১৯ শয্যার বিপরীতে ৬৯ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রেড ও ইয়েলো জোনে নতুন করে ৮৫ জন রোগী ভর্তি হয়েছেন।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আরিফ আহমেদ বলেন, করোনা উপসর্গ থাকা রোগীরা একেবারে শেষ সময়ে হাসপাতালের আসছেন। যে কারণে চিকিৎসা শুরু আগেই তাঁরা মারা যাচ্ছেন। এদিকে করোনায় আক্রান্ত হলেও মানুষ হাসপাতালে আসছেন না। বাড়িতে থেকে তাঁরা চিকিৎসা নিচ্ছেন। একপর্যায়ে যখন গুরুতর শ্বাসকষ্ট শুরু হচ্ছে, তখনই তাঁরা হাসপাতালমুখী হচ্ছেন। এতে বেশির ভাগ রোগী মারা যাচ্ছেন।

আরিফ আহমেদ বলেন, এখন করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি বা ‘পিক সময়’ চলছে। সংক্রমণ নিম্নমুখী হতে সময় লাগবে।