যশোরে করোনায় আক্রান্ত ব্যক্তির লাশ উদ্ধার
যশোরে করোনায় আক্রান্ত হাবিবুর রহমান (৪৮) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে বাড়ি থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ময়নাতদন্ত শেষে দুপুরের দিকে লাশটি তাঁর পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
হাবিবুর রহমান যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা গ্রামের ওয়াজেদ আলীর ছেলে।
হাবিবুরের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে হাবিবুরকে ডাকাডাকি করে কোনো সাড়া পান না পরিবারের সদস্যরা। এতে তাঁদের সন্দেহ হয়। একপর্যায়ে পরিবারের লোকজন খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে হাবিবুরের ভাই জিয়াউর রহমান বলেন, গত ৩১ জুলাই হাবিবুরের করোনা শনাক্ত হয়। তিনি বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। পরিবারের পক্ষ থেকে তাঁর খাবারের জিনিসপত্র ও ঘর আলাদা করে দেওয়া হয়। সকালে গলায় রশি পেঁচানো অবস্থায় তাঁর লাশ উদ্ধার করা হয়।
জানতে চাইলে যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার বলেন, ‘করোনায় আক্রান্ত হাবিবুরের লাশ গলায় রশি পেঁচানো অবস্থায় উদ্ধার করা হয়। এ বিষয়ে কোতোয়ালি থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।’