যশোরে করোনায় ১২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনায় মারা যাওয়া ব্যক্তির লাশ দাফন করতে নেওয়া হচ্ছে।
ফাইল ছবি

যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ১১ জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট ৩২২ জনের মৃত্যু হলো। যশোর সিভিল সার্জন কার্যালয় ও জেনারেল হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।

গতকাল রোববার থেকে আজ সোমবার পর্যন্ত জেলায় ৮০৯ জনের নমুনা পরীক্ষা করে ১৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২০ দশমিক ৭৬ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ৯১৬ জন। এর মধ্যে ১২ হাজার ৬৫২ জন সুস্থ হয়েছেন।

যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, হাসপাতালের রেড ও ইয়েলো জোন মিলিয়ে মোট ১৩৭ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় রেড জোনে ১০ জন ও ইয়েলো জোনে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ওই হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৩৬ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আরিফ আহমেদ জানান, ঈদের আগে থেকেই হাসপাতালে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা কম রয়েছে। জুন মাসে প্রতিদিন গড়ে ৯০ জন রোগী ভর্তি হতো। তবে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে সেটি ৪০ জনে নেমে এসেছিল।

তিনি বলেন, মৃত্যুর সংখ্যাও আগের তুলনায় প্রায় অর্ধেক ছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় হঠাৎ মৃত্যুর সংখ্যা একটু বেড়েছে। মূলত আক্রান্ত রোগীরা একদম শেষ সময়ে হাসপাতালমুখী হচ্ছেন। এতে চিকিৎসকদের তেমন কিছুই করার থাকছে না।