যশোরে গৃহকর্মীকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার
যশোরের শার্শা উপজেলায় গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আবির হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শার্শা থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ওই যুবক শার্শা উপজেলার নাভারন এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, শার্শা উপজেলার নাভারন এলাকার একটি বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন ওই নারী। তিন মাস ধরে গৃহকর্তার ছেলে আবির তাঁকে ধর্ষণ করে আসছিলেন। ঘটনাটি প্রকাশ করে দেবেন জানালে আবির তাঁকে নানাভাবে ভয়ভীতি দেখাতে শুরু করেন। বিষয়টি জানার পর ওই বাসা থেকে গৃহকর্মীকে নিয়ে যান তাঁর ফুপু। পরে মঙ্গলবার শার্শা থানায় গিয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন ওই গৃহকর্মী।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান বলেন, আবিরকে গ্রেপ্তার করা হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার ওই নারীকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর কথা রয়েছে। এরপর আদালতে তাঁর জবানবন্দি নেওয়া হবে।