যশোরে ঘরে বসে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে যুবক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর জেলার ম্যাপ
প্রথম আলো

যশোরের অভয়নগর উপজেলায় বোমা বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন। তাঁর নাম মো. শপ্পা (৩৬)। গতকাল সোমবার রাত সাড়ে ১২টায় উপজেলার রাজঘাট কার্পেটিং বাজার এলাকায় নিজের ঘরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে তিনি আহত হন বলে পুলিশ জানায়।

মো. শপ্পা উপজেলার রাজঘাট গ্রামের ইব্রাহিম মোল্লার ছেলে। বিস্ফোরণে তাঁর একটি হাত, বুক, চোখ, মুখমণ্ডল ও দুই পা জখম হয়েছে। বোমা বিস্ফোরণে ওই ঘরের টিনের চাল উড়ে যায় এবং দেয়ালে ফাটল সৃষ্টি হয়। পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে পাঁচটি ধারালো রামদা উদ্ধার করেছে।

পুলিশ ও এলাকাবাসীর কয়েকজন জানান, গতকাল রাতে বোমা বানানোর সময় শপ্পার হাতেই এটির বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত শপ্পাকে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন উদ্ধার করে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া জাহান বলেন, বোমার আঘাতে মো. শপ্পার চোখ, মুখমণ্ডলসহ শরীরের সামনের পুরো অংশ মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়। চোখের ভেতর বোমার স্প্লিন্টারের আঘাত লেগেছে বলে মনে হচ্ছে। তা ছাড়া তাঁর শ্বাসনালিও ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাঁর অবস্থা গুরুতর। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শামীম হাসান বলেন, বোমা তৈরির সময় বিস্ফোরণে মো. শপ্পা নামের একজন আহত হয়েছেন। বোমার আঘাতে তাঁর বাঁ চোখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ওই ঘরের চৌকির নিচ থেকে পাঁচটি রামদা উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।