যশোরে চালককে হত্যার পর ইজিবাইক ছিনতাই, আটক ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

যশোর সদর উপজেলার ঘুরুলিয়া গ্রামে ইজিবাইকচালককে হত্যার পর ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে এ হত্যাকাণ্ড ঘটে। এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে হাসিবুর রহমান (১৯) নামের এক তরুণকে আটক করেছে পুলিশ।

আজ বুধবার সকালে ঘুরুলিয়া গ্রাম থেকে হাসিবুরকে আটক করে পুলিশ। এ সময় তাঁর হেফাজতে থাকা ছিনতাই হওয়া ইজিবাইক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়েছে। এদিকে নিহত ওই ইজিবাইকচালকের নাম মো. আবদুল্লাহ (২২)। তিনি যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামের মোজাদুল জামানের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল মধ্যরাতে ঘুরুলিয়া মাঠে আবদুল্লাহর গলাকাটা লাশ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে আবদুল্লাহর পরিবারের স্বজনেরা লাশের পরিচয় শনাক্ত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে যায়।

নিহত ব্যক্তির ভাই শফিকুল ইসলাম জানান, আবদুল্লাহ ইজিবাইকে ঘুরুলিয়া থেকে যশোর শহরে যাত্রী পরিবহন করতেন। গতকাল রাতে যাত্রী নিয়ে ঘুরুলিয়ায় ফেরার পথে দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে গেছে।

জানতে চাইলে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, হত্যার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে ছিনতাই হওয়া ইজিবাইক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।