যশোরে ছুরিকাঘাতে চা–দোকানিকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাতে হত্যা।
প্রতীকী ছবি

যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক চা–দোকানির মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে শহরের শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনালের পাশে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম সাব্বির হোসেন (২৪)। তিনি শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার আকবর মিয়ার ছেলে।

নিহত সাব্বিরের ভাই চন্দন হোসেন জানান, বাস টার্মিনালের পাশে সাব্বিরের একটি চায়ের দোকান রয়েছে। আজ সকাল থেকে সাব্বির নিজের দোকানেই ছিলেন। দুপুর ১২টার দিকে দুর্বৃত্তরা দোকানে ঢুকে তাঁর শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে তিনি মারা যান।

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহম্মেদ তারেক শামস জানান, সাব্বিরকে হাসপাতালে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। তবে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কী কারণে, কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।