যশোরে ফুলের রাজ্যে করোনার হানা, বিপর্যয়ের মুখে ফুলচাষিরা
আজিজুর সরদার সাড়ে পাঁচ বিঘা জমিতে ফুল এবং দেড় বিঘা জমিতে ঝাউয়ের নার্সারি করেছিলেন। মাসে গড়ে তাঁর ফুল ও চারা বিক্রি হতো দেড় লাখ টাকার বেশি। গত বছর করোনার প্রকোপের সময় পাঁচ মাসে তাঁর ফুল ও চারা বিক্রি হয়নি বললেই চলে। ঘূর্ণিঝড় আম্পানে তাঁর দেড় বিঘা জমির জারবেরা ও চায়না গোলাপের দুটি পলিশেড উড়ে যায়। এনজিও থেকে ঋণ নিয়ে একটি শেড মেরামত করেন। গত বছর আগস্ট থেকে ঘুরে দাঁড়ায় ফুলের বাজার। করোনা-আম্পানের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে থাকেন তিনি। এরই মধ্যে গত এপ্রিলে আছড়ে পড়ে করোনার দ্বিতীয় ঢেউ। বন্ধ হয়ে যায় ফুল বিক্রি। আবার বিপাকে পড়েন ফুলচাষি আজিজুর সরদার।
যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামে আজিজুর সরদারের বাড়ি। তিনি বলেন, ‘ব্যাংক ও এনজিও থেকে ১৩ লাখ টাকার ঋণ নিয়ে ফুল চাষ করেছি। ফুল বিক্রি না হওয়ায় আড়াই বিঘা জমির ফুলখেত ভেঙে মরিচ ও টমেটো লাগিয়েছি। সংসার আর চলছে না। না পারছি অন্যের কাছে হাত পাততে, না পারছি অন্যের খেতে কাজ করতে।’
আজিজুর সরদারের মতো বিপাকে পড়েছেন ফুলের রাজ্য হিসেবে পরিচিত যশোরের গদখালী এলাকার প্রায় সাড়ে ছয় হাজার ফুলচাষি।
পটুয়াপাড়া গ্রামের সাহিদা বেগমের ফুল আছে ১০ বিঘা জমিতে। অন্যের জমি লিজ নিয়ে তিনি ফুলের চাষ করেছেন। তিনি বলেন, ‘গত বছর করোনার পর ফুলের দাম ভালো ছিল। গত এপ্রিল থেকে ফুল বিক্রি নেই। টাকার অভাবে খেত পরিচর্যা করছি না। খেতেই ফুল নষ্ট হচ্ছে। দুই বিঘা জমিতে ধান করেছিলাম। তাই দিয়ে কোনোরকমে সংসার চালাচ্ছি।’
পানিসারা গ্রামের ফুলচাষি শফিকুল ইসলাম ঢালীর দুই বিঘা জমিতে জারবেরার চাষ রয়েছে। তিনি বলেন, ‘করোনার পর ফুলের ভালো দাম পেয়েছিলাম। এখন আবার ফুল বিক্রি বন্ধ। মাঝে অসুস্থ হয়ে পড়েছিলাম। দেড় বিঘা জমি বিক্রি করে দিয়েছি। বর্তমানে জমি বিক্রির টাকা ভেঙে খাচ্ছি। ওই টাকা দিয়ে চিকিৎসা নিয়েছি, ব্যাংকঋণ শোধ করেছি এবং কিছু টাকা দিয়ে ফুলের খেত পরিচর্যা করছি। বিদেশ থেকে প্লাস্টিকের ফুল আমদানি করা হচ্ছে। এতে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
চার বিঘা জমিতে জারবেরা ও সাড়ে পাঁচ বিঘা জমিতে গ্লাডিওলাস ও রজনীগন্ধা রয়েছে উপজেলার গদখালী গ্রামের ফুলচাষি আশরাফুল ইসলামের। তিনি বলেন, ‘খুবই খারাপ অবস্থা। না পারছি ফুল চাষ ছেড়ে দিতে, না পারছি ধরে রাখতে। ১৫ লাখ টাকার মতো দেনা হয়েছি। এই টাকা দিয়ে সংসার চালাচ্ছি, পাশাপাশি ফুলখেত কোনোরকমে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি।’
১৯৮২ সালে ছোট্ট একটি নার্সারির মাধ্যমে ঝিকরগাছা উপজেলার পানিসারা এলাকায় ফুলের চাষ শুরু করেন শের আলী সরদার। তিনি এলাকায় বাণিজ্যিকভাবে ফুল চাষের পথিকৃৎ হিসেবে পরিচিত। শের আলী সরদার বলেন, ‘গত বছর করোনা ও আম্পানের পর চাষিরা নিজ উদ্যোগে আবার ফুল চাষ শুরু করেছিলেন। এর মধ্যে আবার লকডাউনে সব শেষ। ৪২ বছরের ফুল চাষের জীবনে এমন ঘটনা আমি আগে কখনো দেখিনি। গদখালীর ফুলের চাষ উঠে যাওয়ার মতো অবস্থা হয়েছে।’
ঝিকরগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন বলেন, উপজেলার ৬টি ইউনিয়নের প্রায় ৬২৫ হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে দেশি-বিদেশি নানা জাতের ফুলের চাষ হচ্ছে। ফুল চাষের সঙ্গে এখানকার প্রায় সাড়ে ছয় হাজার কৃষক এবং প্রায় এক লাখ শ্রমিক সম্পৃক্ত রয়েছেন। করোনার কারণে ফুলের বাজার বন্ধ রয়েছে। খেতে ফুল নষ্ট হচ্ছে। ফুলচাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
মাসুদ হোসেন আরও বলেন, ‘ক্ষতিগ্রস্ত ৬০ জন ফুলচাষিকে ৩০০ কেজি আউশ ধানের বীজ এবং ১০০ জনকে ৩০ হাজার টমেটোর চারা দিয়েছি।’
ঝিকরগাছার গদখালী এবং এর আশপাশের পানিসারা, নাভারণ এলাকায় ৭৫টি গ্রামের একরের পর একর জমিতে বছরজুড়ে উৎপাদিত হচ্ছে দেশি-বিদেশি নানা জাতের ফুল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো রজনীগন্ধা, গোলাপ, চায়না গোলাপ, গাঁদা, গ্লাডিওলাস, জারবেরা, রথস্টিক, জিপসি, ক্যালেন্ডুলা, চন্দ্রমল্লিকা প্রভৃতি। এসব ফুল সারা দেশের চাহিদা মেটাচ্ছে। রপ্তানি হচ্ছে বিদেশেও।
এলাকায় উৎপাদিত ফুল বিক্রির জন্য গদখালীতে যশোর রোডের দুই ধারে রয়েছে ফুলের বাজার। যশোর শহর থেকে ১৮ কিলোমিটার পশ্চিমে ‘যশোর রোড’ নামে পরিচিত যশোর-বেনাপোল মহাসড়কের পাশে দেশের বৃহত্তম ফুলের বাজার গদখালী।
বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আবদুর রহিম বলেন, দেশের চাহিদার শতকরা ৬০ থেকে ৭০ ভাগ ফুল যশোর থেকে সরবরাহ করা হয়ে থাকে। করোনার কারণে গত বছর ৫ মাস এবং এ বছরের ৩ মাসে ফুল বিক্রির সুযোগ না থাকায় প্রায় ৫০০ কোটি টাকার ফুল নষ্ট হয়েছে। এর মধ্যে শুধু যশোর অঞ্চলে অন্তত ৩০০ কোটি টাকার ক্ষতি হয়েছে। এ পর্যন্ত ৩০০ জন চাষিকে ২ কোটি টাকার মতো ঋণ দেওয়া হয়েছে। বেশিসংখ্যক ফুলচাষিকে ঋণ দেওয়া না গেলে এই খাত বাঁচানো কঠিন হয়ে পড়বে।