যশোরে বিভেদ ভুলে এক মঞ্চে নাবিল-শাহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর জেলা আওয়ামী লীগের কোন্দল ভুলে সাংসদ নাবিল ও শাহীন এক মঞ্চে
ছবি: প্রথম আলো

দীর্ঘদিন পরে যশোর জেলা আওয়ামী লীগের দুই মেরুর দুই নেতা এক মঞ্চে বসে সমাবেশ করেছেন। আজ সোমবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্ত্বরে ৭ মার্চের অনুষ্ঠানে যশোর সদর আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কেশবপুর আসনের সাংসদ শাহীন চাকলাদার বক্তব্য দেন।

যশোর জেলা আওয়ামী লীগের রাজনীতিতে একাধিক পক্ষ রয়েছে। দলীয় কর্মসূচি পৃথকভাবে পালন করে তারা। কিন্তু কোন্দল ভুলে নাবিল ও শাহীন ছাড়া যশোরের আরও দুই সাংসদসহ দুই পক্ষেরা নেতা–কর্মীরা সমাবেশে উপস্থিত ছিলেন।

সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম।
সাংসদ শাহীন চাকলাদার বলেন, ‘আগামী নির্বাচনে নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে। দলকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

সাংসদ কাজী নাবিল আহমেদ বলেন, ‘যশোর জেলা আওয়ামী লীগে সামান্য রেষারেষি থাকলেও এখন আর তা নেই। ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগের সব উন্নয়ন জেলার বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে হবে। তা না হলে বিএনপি–জামায়াত শেখ হাসিনার উন্নয়নযাত্রা ব্যাহত করবে।’

বক্তারা বলেন, ‘আর ভেদাভেদ নয়। ঐক্যের সময় এসেছে। এই ঐক্য শুধু মঞ্চে নয়, থাকবে দলের যেকোনো ক্রান্তিলগ্নে।’

যশোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জনসমাবেশে বক্তব্য দেন যশোর-১ (শার্শা) আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টচার্য্য, যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও যশোর পৌরসভার মেয়র হায়দার গণি খান, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক সাংসদ মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুজিবুদ্দৌলা সরদার প্রমুখ।