যশোরে ব্যবসায়ী হত্যায় দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তরুণকে হত্যা।
প্রতীকী ছবি।

যশোর শহরের বেজপাড়া এলাকায় ব্যবসায়ী ইয়াসির আরাফাত (৩৩) হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। খুলনা শহর থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটার দিকে তাঁদের আটক করা হয়। তাঁরা হলেন যশোর শহরের শংকরপুর এলাকার তোরাব আলীর দুই ছেলে রানা ও রুবেল।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, শহরের বেজপাড়া এলাকার একটা ক্লাবে গতকাল বুধবার রাতে ক্যারম খেলার সময় স্থানীয় কয়েকজন ইয়াসিরকে এলোপাতাড়ি ছুরি মেরে জখম করেন। এ সময় ইয়াসিরের সঙ্গে থাকা অন্যরা দুর্বৃত্তদের চেয়ার তুলে আঘাত করলে তারা পালিয়ে যায়। আজ সকালে খুলনা শহরের শিরোমনি এলাকা থেকে রুবেল ও রানাকে আটক করা হয়। তাঁদের শরীরে গুরুতর জখম রয়েছে। ধারণা করা হচ্ছে, ঘটনার সময় আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তাঁরা। আটকের পর রুবেল ও রানাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে।

স্থানীয় লোকজন সূত্রে জানা যায়, গতকাল রাত আটটার দিকে বেজপাড়া এলাকার ব্রাদার্স ক্লাবে ক্যারম খেলা অবস্থায় ১০-১২ জন অতর্কিত ইয়াসিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। দুর্বৃত্তদের মাথায় মানকি টুপি পরা ছিল। গুরুতর অবস্থায় ইয়াসিনকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ইয়াসির শহরের বেজপাড়া পানির ট্যাংক এলাকার মনির হোসেনের ছেলে। তিনি ইন্টারনেট সেবা প্রদানের ব্যবসা করতেন।

যশোর জেনারেল হাসপাতাল থেকে ইয়াসিরের মরদেহ ময়নাতদন্ত শেষে আজ দুপুরে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। তাঁর স্ত্রী শাহান আক্তার সাংবাদিকদের বলেন, ‘ক্লাবে ক্যারম খেলা অবস্থায় মাঠপাড়া এলাকার স্বর্ণকার রানা, রুবেলসহ কয়েকজন সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়ে আমার স্বামীকে ছুরি মেরে হত্যা করেন। আমার স্বামী মাদক ব্যবসার বিরোধিতা করায় তাঁকে তাঁরা হত্যা করেছেন। স্বামী হত্যার বিচার চাই।’

ওসি তাজুল ইসলাম বলেন, ওই এলাকায় রানা, রুবেলসহ কয়েকজন মাদকের ব্যবসা করেন। ইয়াসির এসবের বিরোধিতা করতেন বলে জানা গেছে। এ কারণে এই হত্যাকাণ্ড হতে পারে। তবে নিহত ইয়াসিরের বিরুদ্ধেও থানায় হত্যাসহ ১০টি মামলা রয়েছে।