যশোরে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩
যশোরের ঝিকরগাছা উপজেলায় মোটরসাইকেল ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিন আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বেনেয়ালী জামে মসজিদের সামনে যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন মোটরসাইকেল আরোহী হলেন মো. জীবন (১৮), মো. নয়ন (২০) ও তৌহিদ হাসান (১৮)। জীবন যশোর শহরের শংকরপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে। নয়ন যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা গ্রামের নজরুল ইসলামের ছেলে ও তৌহিদ হাসান একই গ্রামের হাসান মিয়ার ছেলে।
কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, আজ সকালে যশোর থেকে একটি মোটরসাইকেলে যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে জীবন, নয়ন ও তৌহিদ হাসান বেনাপোলে যাচ্ছিলেন। মোটরসাইকেল চালাচ্ছিলেন জীবন। মোটরসাইকেলের পেছনে বসেছিলেন নয়ন ও তৌহিদ। বেলা ১১টার দিকে মোটরসাইকেলটি ঝিকরগাছার বেনেয়ালী জামে মসজিদের সামনে পৌঁছায়। এ সময় সেখানে একটি ইঞ্জিনচালিত ভ্যান দাঁড়িয়ে ছিল। বেনাপোল থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক এ সময় ঝিকরগাছা শহরের দিকে আসছিল। দ্রুতগতির মোটরসাইকেলটি ভ্যানকে পাশ কাটাতে গিয়ে সামনের ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক জীবন মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেলের অপর দুই আরোহী নয়ন ও তৌহিদকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেন। দুপুর ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তৌহিদকে মৃত ঘোষণা করেন। বেলা সোয়া একটার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় নয়নও মারা যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আবদুর রশিদ বলেন, দুপুর ১২টার দিকে মৃত অবস্থায় তৌহিদকে হাসপাতালে আনা হয়। নয়নকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বেলা সোয়া একটার দিকে নয়ন মারা যান।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এস আসাদুজ্জামান বলেন, মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের চালক ঘটনাস্থলে এবং মোটরসাইকেলের অপর দুই আরোহী হাসপাতালে মারা যান।