যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে ভাঙচুর, পালিয়ে গেছে তিন শিশু
যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে (বালক) ভাঙচুর করেছে বন্দী শিশুরা। গতকাল শনিবার রাত ১০টা থেকে ২টা পর্যন্ত কেন্দ্রের আবাসিক ভবনে এই ঘটনা ঘটে। এ সময় সিঁড়িঘরের দরজা ভেঙে ছাদে উঠে বিভিন্ন অপরাধে কেন্দ্রে আসা তিন শিশু পালিয়ে গেছে।
এ ঘটনায় আজ রোববার যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামানকে প্রধান করে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
এ বিষয়ে কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, ‘শনিবার রাতে শিশুরা কেন্দ্রের ভবনে ব্যাপক ভাঙচুর করে। প্রায় সারা রাত আমরা কেন্দ্রে ছিলাম। বিষয়টি সমাজ সেবা অধিদপ্তরের পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।’
কেন্দ্র সূত্রে জানা গেছে, গতকাল রাত ১০টা থেকে কেন্দ্রের ভবনে দরজা বন্ধ করে ভাঙচুর করে শিশুরা বিক্ষোভ দেখায়। এ সময় তাঁরা কেন্দ্রের অন্তত ১০০টি বৈদ্যুতিক বাল্ব, ২টি টেলিভিশন, ৫০টির মতো পানির কল, ভবনের প্রধান দুটি কলাপসিবল ফটক, পানির পাইপ, তাদের শয়নখাট ও তাদের ব্যবহৃত প্লেট-গ্লাস ভাঙচুর করে। একপর্যায়ে তারা সিঁড়িঘরের দরজা ভেঙে ছাদে ওঠে। এ সময় লোহার রেলিং ভেঙে নিচে নেমে তিনজন পালিয়ে যায়।
খবর পেয়ে শহর থেকে অতিরিক্ত অন্তত ৫০ জন পুলিশ কেন্দ্রে পাঠানো হয়। রাত সাড়ে ১২টার দিকে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী সায়েমুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাজির হন। এরপর শিশুদের কয়েকটি দাবি পূরণের আশ্বাস দিলে রাত ২টার দিকে তারা শান্ত হয়।
কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন আজ দুপুরে বলেন, কেন্দ্রে রাতে ২৫১ বন্দী শিশু ছিল। তাণ্ডবের সময়ে তিন শিশু পালিয়ে গেছে। এ বিষয়ে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, খাবারের মান বৃদ্ধি, বিশুদ্ধ পানি, খেলাধুলার জন্য সময় ও সরঞ্জাম নিশ্চিতসহ কয়েকটি দাবিতে শিশুরা কয়েক দিন ধরে বিক্ষোভ করে আসছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল শিশুরা কেন্দ্রে ভাঙচুর করে।
এ বিষয়ে যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, কেন্দ্রের নিবাসী শিশুদের বেশ কয়েকটি অভিযোগ রয়েছে। তাদের সেসব অভিযোগ খতিয়ে দেখার জন্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এর আগে ২০২০ সালের ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন বন্দী কিশোরের হত্যা ও ১৫ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়। তবে কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হয়নি।