যশোরে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

যশোরের শার্শা উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে খলিলুর রহমান নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে যশোরের বিশেষ জজ আদালতের বিচারক মো. সামছুল হক এ আদেশ দেন।

একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত খলিলুর রহমান যশোরের শার্শা উপজেলার পুটখালী গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে, শার্শার পুটখালী গ্রামের বাসিন্দা খলিলুর রহমানের সঙ্গে একই উপজেলার ইছাপুর গ্রামের রেহেনার বিয়ে হয়। বিয়ের পরে তাঁদের সংসারে একটি ছেলেসন্তানের জন্ম হয়। এরপর রেহেনার সঙ্গে অন্য কারও প্রেমের সম্পর্ক আছে বলে সন্দেহ করেন খলিলুর। বিষয়টি নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। একপর্যায়ে রেহেনা তাঁর বাবার বাড়ি ইছাপুরে চলে যান। ২০০৯ সালের ১৪ জুন রেহেনাকে ডেকে নিয়ে স্থানীয় প্রেক্ষাগৃহে সিনেমা দেখে দুপুরে হোটেলে খাওয়াদাওয়া করেন খলিলুর। রাতে শ্বশুরবাড়ির পাশের আমবাগানে নিয়ে গলায় শাড়ি পেঁচিয়ে শ্বাসরোধে রেহেনাকে হত্যা করেন তিনি।

এ ঘটনায় রেহেনার মা আবেদা বেগম বাদী হয়ে শার্শা থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় খলিলুরকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়।

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সাজ্জাদ মোস্তাফা প্রথম আলোকে বলেন, স্ত্রীকে হত্যার ঘটনায় খলিলুর রহমান দোষ স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ ছাড়া পুলিশের তদন্তেও হত্যাকাণ্ড প্রমাণিত হয়েছে। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত খলিলুরকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। খলিলুর বর্তমানে পলাতক।