যশোরে হিজড়া লাভলীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪
যশোর সদর উপজেলায় হিজড়া লাভলীকে (৩৫) হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার যশোর পুলিশের বিশেষ শাখা (ডিবি) সদর উপজেলার হাশিমপুর, ঝাউদিয়া ও দোগাছিয়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। এ সময় পুলিশ তাঁদের কাছ থেকে হত্যায় ব্যবহৃত ছুরি, একটি পিস্তল ও আটটি গুলি উদ্ধার করে।
গ্রেপ্তার আসামিরা হলেন যশোর সদর উপজেলার দোগাছিয়া গ্রামের জিয়াউর রহমানের ছেলে শাকিল পারভেজ (২১), একই উপজেলার ঝাউদিয়া গ্রামের শাহাজুল বিশ্বাসের ছেলে মেহেদী হাসান (১৯), উপজেলার খোলাডাঙ্গা গাবতলা এলাকার হিজড়া নাজমা (৩৫) এবং একই এলাকার হিজড়া সেলিনা (৪৫)।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার বলেন, হিজড়া সম্প্রদায়কে পরিচালনা করে আর্থিকভাবে লাভবান হওয়ার ইচ্ছা ও পূর্ব বিরোধের জেরে হিজড়া নাজমার ভাড়াটে খুনিরা এই হত্যাকাণ্ড ঘটায়।
ডিবির ওসি রুপন কুমার সরকার বলেন, গত শনিবার সকালে লাভলী তাঁর সহকর্মী হিজড়া নাজমা ও হিজড়া সেলিনাকে নিয়ে যশোর শহরের ধর্মতলার ভাড়া বাসা থেকে বের হন। ব্যাটারিচালিত ইজিবাইকে করে যশোর-ছুটিপুর সড়ক দিয়ে ঝিকরগাছা উপজেলার ছুটিপুরে দিকে যাচ্ছিলেন তাঁরা। সকাল সাড়ে আটটার দিকে ইজিবাইকটি সদর উপজেলার হালসা এলাকায় সেতুর কাছে পৌঁছালে আসামি শাকিল পারভেজ ও মেহেদী হাসান তাঁদের ইজিবাইকের গতি রোধ করেন।
এরপর নাজমা ও সেলিনাকে ইজিবাইক থেকে নামিয়ে দিয়ে শাকিল ও মেহেদী তাঁদের ব্যবহৃত পিস্তল দিয়ে লাভলীকে গুলি করেন। কিন্তু গুলি বের হয়নি। এরপর শাকিল তাঁর হাতে থাকা ছুরি দিয়ে লাভলীর মুখমণ্ডলের বিভিন্ন জায়গায় ও গলায় পোচ দেন। পরে তাঁরা মোটরসাইকেলে করে পালিয়ে যান। নাজমা ও সেলিনা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ডিবির ওসি জানান, এ ঘটনায় কোতোয়ালি থানা ও ডিবি পুলিশের একাধিক দল অভিযান শুরু করে। পুলিশের হেফাজতে থাকা নাজমা ও সেলিনার দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শাকিল ও মেহেদীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় গতকাল কোতোয়ালি থানায় দুটি মামলা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আজ সোমবার আদালতে সোপর্দ করা হবে।