যশোরে ২৪ ঘণ্টায় ৪৩ জনের করোনা শনাক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস
প্রতীকী ছবি

যশোরে ২৪ ঘণ্টায় ৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আজ বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টার থেকে পাঠানো নমুনা পরীক্ষার ফলাফলের প্রতিবেদন সূত্রে এই তথ্য জানা গেছে।

যবিপ্রবির ল্যাবে মোট ২৩৬ জনের নমুনা পরীক্ষা করে ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যশোরের ২০২ জনের নমুনা পরীক্ষা করে ৪৩ জনের, মাগুরার ৮ জনের মধ্যে ৩ জনের ও নড়াইলের ২৬ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

এদিকে যশোর জেনারেল হাসপাতালের ৮০ শয্যাবিশিষ্ট করোনা ইউনিটে ৫০ জন রোগী ভর্তি আছেন।এ হাসপাতালে তিন শয্যার একটি আইসিইউ ইউনিট চালু করা হয়েছে। তবে সেখানে বর্তমানে কেউ ভর্তি নেই।

করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ বলেন, ‘এ হাসপাতালে ৪০ শয্যার করোনা ইউনিট ছিল। সেটা ৮০ শয্যায় উন্নীত করা হয়েছে। সেন্ট্রাল অক্সিজেন লাইনে বড় সিলিন্ডার দিয়ে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। হাসপাতালে ৫০ জন করোনা রোগী ভর্তি থাকলেও আইসিইউ ইউনিটে রাখার মতো গুরুতর কোনো রোগী আপাতত নেই।’