যশোরে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, ১১৬ জনের করোনা শনাক্ত
যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় ও করোনার উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ সময় ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪১ দশমিক ৮৭ শতাংশ। আজ বৃহস্পতিবার যশোরের সিভিল সার্জন কার্যালয় ও জেনারেল হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
গতকাল বুধবার সকাল আটটা থেকে আজ বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত ৬০ জন যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিট (রেড) ও আইসোলেশন (ইয়েলো) ওয়ার্ডে ভর্তি হয়েছেন। আইসোলেশন ওয়ার্ডে কোনো শয্যা খালি নেই। মেঝেতেও রোগী রাখার জায়গা নেই। রোগীরা খুব অসহায় অবস্থায় রয়েছেন। প্রতিদিনই এই ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে মানুষ মারা যাচ্ছেন। এ হাসপাতালের ১০৭ শয্যার করোনা ইউনিট ও আইসোলেশনে ১২৯ জন ভর্তি আছেন। এ ছাড়া এই ইউনিটের অধীনে ভারতফেরত করোনায় আক্রান্ত ১৩ জনকে বেসরকারি জনতা হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যশোরের সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, যশোরে এ পর্যন্ত ১০ হাজার ৩৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৬ হাজার ৮৮৮ জন সুস্থ হয়েছেন। হাসপাতালে ৮৯ জন ও নিজেদের বাড়িতে ৩ হাজার ২৫১ জন চিকিৎসাধীন রয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ১১৯ জন। ২৪ ঘণ্টায় যশোরে ২৭৭ জনের নমুনা পরীক্ষা করে ১১৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
যশোর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, যশোর জেনারেল হাসপাতালে করোনা ইউনিটে একজন ও আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে।
যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ বলেন, ‘ভারতফেরত নাগরিকের মধ্যে যাঁরা উপসর্গবিহীন করোনা পজিটিভ, তাঁদের বেসরকারি জনতা হাসপাতালে রাখা হচ্ছে। গতকাল বুধবার থেকে আমাদের তত্ত্বাবধানে জনতা হাসপাতালে রোগী রাখা শুরু হয়েছে।’
রোগীদের বেসরকারি হাসপাতালের খরচ বহন করা লাগবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা জেলা করোনা প্রতিরোধ কমিটি ও জেলা প্রশাসন তদারকি করছে। এ বিষয়ে আমাদের কিছু জানা নেই।’
এ বিষয়ে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান বলেন, ‘এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আমরা ভারতফেরত করোনা রোগীদের বিনা টাকায় জনতা হাসপাতালে রাখার চেষ্টা করছি।’
যশোরে জুন মাসের শুরু থেকেই করোনা সংক্রমণ বাড়তে থাকে। এ কারণে ৯ জুন থেকে এলাকাভিত্তিক কঠোর বিধিনিষেধ জারি করা হয়। তাতেও করোনার সংক্রমণের না কমায় সারা জেলায় আজ বৃহস্পতিবার থেকে কঠোর কড়াকড়ির মধ্যে বিধিনিষেধ প্রতিপালন করা হচ্ছে।
যশোরে চলছে কঠোর লকডাউন
আজ জেলা শহর ঘুরে দেখা গেছে, শহরের বড় বাজার, দড়াটানা মোড়, খাজুরা বাসস্ট্যান্ড, চাঁচড়া, ঘোপ সেন্ট্রাল সড়কসহ বিভিন্ন এলাকায় সড়কের ওপরে আড়াআড়ি ব্যারিকেড দিয়ে মানুষের চলাচল সীমিত করা হয়েছে। দুপুর ১২টার পর থেকে বাজার বন্ধ হয়ে যায়। ওষুধের দোকান ছাড়া শহরের কোনো দোকানপাট খুলতে দেওয়া হচ্ছে না। কোনো গণপরিবহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। তবে সরকারি-বেসরকারি কার্যালয়, ব্যাংক ও বিমার কার্যালয় চালু রয়েছে। গণপরিবহন না থাকায় চাকরিজীবীদের গন্তব্যে পৌঁছাতে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।