যশোরে ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ১৩৫
যশোর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২৭২ জনের নমুনা পরীক্ষায় ১৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯ দশমিক ৬৩ শতাংশ। জেলা সিভিল সার্জন কার্যালয় ও জেনারেল হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা যায়।
যশোর জেনারেল হাসপাতাল সূত্র জানায়, গতকাল শনিবার সকাল ৮টা থেকে আজ রবিবার সকাল ৮টা পর্যন্ত যশোর জেনারেল হাসপাতালের করোনা ইউনিট (রেড) ও আইসোলেশন (ইয়োলো) ওয়ার্ডে নতুন করে ৬০ রোগী ভর্তি হয়েছেন। রেড ও ইয়োলো জোনে কোনো শয্যা খালি নেই। মেঝেতেও রোগী রাখার জায়গা নেই। প্রতিদিনই ৬০ থেকে ৭০ জন করোনায় আক্রান্ত ও সন্দেহভাজন রোগী ভর্তি হচ্ছেন। জেলায় এখন পর্যন্ত ১১ হাজার ৩২২ জন করোনায় সংক্রমিত হয়েছেন। মারা গেছেন ১৩৩ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৮৮৮ জন।
এদিকে যশোর জেলায় ২১ দিনের কঠোর বিধিনিষেধ চলছে। আজ বিধিনিষেধের ১৮তম দিন চলছে। তবে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। সংক্রমণ গ্রামপর্যায়ে ছড়িয়ে পড়েছে। যে কারণে ঘরে ঘরে জ্বর, সর্দিকাশি দেখা দিয়েছে। প্রায় চার হাজার মানুষ এখন করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন। সেখান থেকে যাঁদের অবস্থা খারাপ হচ্ছে, তাঁদেরই হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
এ বিষয়ে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ বলেন, করোনায় আক্রান্ত হয়ে রোগী ভর্তির চাপ কমেনি। প্রতিদিনই ৬০ থেকে ৭০ রোগী ভর্তি হচ্ছেন। বর্তমানে রেড জোনে ৮২ জন ভর্তি আছেন। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি আছেন ৯ জন।
যশোরে জুন মাসের শুরু থেকেই করোনার সংক্রমণ বাড়তে থাকে। যে কারণে ৯ জুন থেকে এলাকাভিত্তিক কঠোর বিধিনিষেধ জারি করা হয়। এতেও করোনা সংক্রমণের লাগাম টানা যায়নি। যে কারণে জেলাজুড়ে বিধিনিষেধ জারি করা হয়।
আজ শহর ঘুরে দেখা যায়, বড় বাজার, দড়াটানা মোড়, খাজুরা বাসস্ট্যান্ড, চাঁচড়া, ঘোপ সেন্ট্রাল সড়কসহ বিভিন্ন এলাকায় সড়কের ওপরে আড়াআড়ি ব্যারিকেড দিয়ে মানুষের চলাচল সীমিত করা হয়েছে। দুপুর ১২টার পর থেকে বাজার বন্ধ হয়ে যায়। ওষুধের দোকান ছাড়া শহরের কোনো ধরনের দোকানপাট খুলতে দেওয়া হচ্ছে না। গণপরিবহন চলাচল করতে দেওয়া হচ্ছে না। তবে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও বিমা কার্যালয় চালু আছে। এতে চাকরিজীবীদের কর্মস্থলে যাতায়াতে বিড়ম্বনা পোহাতে হচ্ছে।