যাত্রী কমেছে ৪০ শতাংশ

জ্বালানি তেলের দাম বাড়ার পর গত বছরের নভেম্বরে লঞ্চের ভাড়া বেড়েছিল। এখন কম ভাড়ার কথা বলে যাত্রীদের ডাকছেন লঞ্চের কর্মচারীরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লঞ্চে যাতায়াতের জন্য আগের মতো আর ভিড় নেই যাত্রীদের। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল বন্দরে।
ছবি: প্রথম আলো

পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা থেকে বরিশালসহ দক্ষিণাঞ্চলে চলাচলকারী লঞ্চগুলোতে যাত্রী অনেকটাই কমে গেছে। ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের পর ২৬ জুন সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এতে ২৬ থেকে ৩০ জুন পর্যন্ত পাঁচ দিনে ঢাকা-বরিশাল নৌপথে ৩৫ থেকে ৪০ শতাংশ যাত্রী কমেছে বলে লঞ্চমালিকেরা জানিয়েছেন।

লঞ্চমালিকদের সূত্র বলছে, তাঁরা নৌপথে যাত্রীদের ধরে রাখতে কেবিন ও ডেক দুই শ্রেণির ভাড়া কমিয়েছেন। তবে এ ক্ষেত্রে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়নি লঞ্চমালিক পক্ষ।

লঞ্চমালিকেরা বলছেন, পদ্মা সেতু নিয়ে এ অঞ্চলের মানুষের আবেগ আছে। এ কারণে অনেকে শখ করে বাসে পদ্মা সেতু পার হয়ে ঢাকায় যাচ্ছেন। এটা স্থায়ী কিছু নয়।

যাত্রীরা বলছেন, আগে যেখানে লঞ্চের কেবিন পেতে প্রভাবশালী ব্যক্তিদের তদবির লাগত। এখন নৌবন্দরে গেলেই কেবিন মিলছে।

গত বছরের নভেম্বরে জ্বালানি তেলের দাম বাড়ার পর লঞ্চগুলোর ডেকের ভাড়া ২৫০ থেকে বাড়িয়ে ৩৫০ টাকা করা হয়েছিল। সেখানে যাত্রীসংকটে কোনো ঘোষণা ছাড়াই লঞ্চগুলো এখন ডেকের ভাড়া ২০০ টাকা আবার কেউ কেউ ১৫০ টাকাও নিচ্ছে। ডেকের পাশাপাশি কেবিনের ভাড়াও বেড়েছিল ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। এখন তা কমিয়ে ১ হাজার ২০০ টাকার কেবিন ১ হাজার এবং ডাবল কেবিনে ২ হাজার ৪০০ টাকার স্থলে ২ হাজার টাকা নেওয়া হচ্ছে। কোনো লঞ্চ ৮০০ থেকে ১ হাজার ৮০০ টাকাতেও কেবিন ভাড়া দিচ্ছে।

এদিকে ভাড়া কমানো, ঈদযাত্রায় বিশেষ সার্ভিসসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ শনিবার ঢাকায় লঞ্চ মালিক সমিতির বৈঠক ডাকা হয়েছে।

নৌপথে যাত্রীর চাপ কমে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন সুরভী লঞ্চ কোম্পানির পরিচালক রিয়াজ উল কবির। তিনি গত বৃহস্পতিবার বিকেলে প্রথম আলোকে বলেন, গত সোমবার থেকে যাত্রীসংকটের কারণে এ নৌপথে যাতায়াতকারী সব লঞ্চের ভাড়া কমানো হয়েছে।

কুয়াকাটা-২ লঞ্চের যাত্রী আমিনুল ইসলাম বলেন, ‘আগে লঞ্চের কর্মচারীদের কাছে কোনো কথা বললে মনে হতো, তাঁরা না, আমরাই ঠেকে লঞ্চে উঠেছি। কিন্তু পদ্মা সেতু চালুর পর এখন অবস্থা পাল্টে গেছে।’

এত কিছু করেও লঞ্চের কেবিনগুলোতে পুরো যাত্রী পাচ্ছে না লঞ্চগুলো। বৃহস্পতিবার রাতে বরিশাল নৌবন্দরে খোঁজ নিয়ে জানা যায়, কুয়াকাটা-২ লঞ্চের ২৫০টি কেবিনের মধ্যে ভাড়া হয়েছে ৭৮টি। অ্যাডভেঞ্চার-১ লঞ্চে ১৬৫টি কেবিনের মধ্যে ৭৫, পারাবত-১২–এর ২৪০টির মধ্যে ১২০ এবং সুন্দরবন-১১–এর ২৪০টির মধ্যে ১১৫টি ভাড়া হয়েছে। এ ছাড়া সুরভী-৭ ও পারাবত-৯ লঞ্চের কর্মকর্তারা বলেছেন, তাঁদেরও ৪০ থেকে ৫০ শতাংশ কেবিন খালি ছিল।

অভ্যন্তরীণ নৌযান চলাচল যাত্রী পরিবহন সংস্থার (যাপ) কেন্দ্রীয় সহসভাপতি ও সুন্দরবন লঞ্চ কোম্পানির মালিক সাইদুর রহমান যাত্রী কমে যাওয়ার বিষয়টিকে স্থায়ী কোনো সমস্যা হিসেবে দেখছেন না। তিনি বলেন, লঞ্চে যাত্রীর সংখ্যা আগের চেয়ে কমেছে এটা ঠিক। তবে মাসখানেক গেলে এ অবস্থা থাকবে না।

বরিশাল নৌবন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, পদ্মা সেতু চালুর পর নৌপথে যাত্রী পরিবহনে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে। লঞ্চমালিকেরা এই চ্যালেঞ্জ মোকাবিলার জন্য নতুন চিন্তাভাবনা করছেন।