যাত্রী-চালকের বাগ্‌বিতণ্ডা দেখতে গিয়ে বাসচাপায় কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

নরসিংদীর বেলাবতে যাত্রীবাহী বাসের চাপায় এক কিশোর নিহত হয়েছে। গতকাল বুধবার রাত নয়টায় ঢাকা-সিলেট মহাসড়কের বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই বাসের চালককে আটক করেছে পুলিশ।

নিহত ওই কিশোরের নাম আতিকুল ইসলাম (১৫)। সে রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের জামাল মিয়ার ছেলে এবং উত্তর বাখরনগর ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। আজ বৃহস্পতিবার সকালে নিহত কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা যাতায়াত পরিবহনের একটি বাস কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-সিলেট মহাসড়ক ধরে বারৈচা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছার আগমুহূর্তে কয়েকজন যাত্রীর সঙ্গে বাসচালকের ভাড়া নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তীব্র বাগ্‌বিতণ্ডা শুরু হলে বাসচালক বারৈচা বাসস্ট্যান্ডে বাসটি থামান। এ সময় চালক ও যাত্রীদের কথা-কাটাকাটি দেখতে আতিকুলসহ আশপাশের লোকজন বাসটির সামনে জড়ো হয়।

এ সময় বাসচালক হঠাৎ বাসটি চালানো শুরু করলে আতিকুল ওই বাসের নিচে চাপা পড়ে। এতে তার মাথা ওই বাসের চাকার নিচে চলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ওই বাসের চালককে আটক করেন।

খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত কিশোরের লাশ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যায়। একই সঙ্গে ওই বাসচালককে আটক করে পুলিশ।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন জানান, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করেছি এবং এর চালককে আটক করেছি। আজ সকালে নিহত কিশোরের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় নিহত কিশোরের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’