যাত্রী সেজে মাইক্রোবাসে উঠে চালককে কুপিয়ে জখম
পঞ্চগড় থেকে বীরগঞ্জে যাওয়ার কথা বলে সুমন ইসলামের (৩০) মাইক্রোবাস ভাড়া করেন দুই যাত্রী। কিছু দূর যাওয়ার পর ওই দুই যাত্রী সুমনকে মহাসড়ক-সংলগ্ন ফাঁকা সড়ক দিয়ে যেতে বলেন। কিছুটা ফাঁকা স্থানে যাওয়ার পর হঠাৎই দুই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে সুমনকে কুপিয়ে জখম করে পালিয়ে যান।
গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে পঞ্চগড় সদর উপজেলার খোলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
গুরুতর আহত মাইক্রোবাসচালক সুমন ইসলাম পঞ্চগড় পৌরসভার তেলিপাড়া এলাকার খামিরুল ইসলামের ছেলে। তিনি বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। মাইক্রোবাসটি ছিনতাই করতে নাকি অন্য কোনো কারণে সুমনকে কুপিয়ে আহত করা হয়েছে, তা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারেননি।
আহত সুমন ইসলামের চাচাতো ভাই মো. শামীম ও সুমনকে উদ্ধার করতে যাওয়া তাজুল ইসলাম বলেন, সুমন জেলা শহরের মো. লেলিন নামের এক ব্যক্তির মাইক্রোবাস ভাড়ায় চালান। গতকাল সন্ধ্যায় শহরের মাইক্রোবাসস্ট্যান্ড থেকে দুজন ব্যক্তি বীরগঞ্জে যাওয়ার কথা বলে সুমনের মাইক্রোবাস ভাড়া করেন। পরে তাঁরা খোলাপাড়া এলাকায় গিয়ে মহাসড়ক-সংলগ্ন খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ফাঁকা সড়ক দিয়ে যেতে বলেন। এ সময় কিছুটা ফাঁকা স্থানে গেলে ওই দুই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে সুমনের ঘাড়ে ও পিঠে কুপিয়ে জখম করেন।
এ সময় সুমনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ওই দুই ব্যক্তি সেখান থেকে পালিয়ে যান। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান স্থানীয় লোকজন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকেরা।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক রাকিব উল হাসান বলেন, ওই যুবকের ঘাড়ে ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে। গভীর জখম হওয়ায় প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে আনার পর তাঁর বাহ্যিক রক্তক্ষরণ বন্ধ করা হলেও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছে কি না, সেটা নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া তাঁর রক্তচাপ ধীরে ধীরে কমে যাচ্ছিল। এ জন্য উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুরে পাঠানো হয়েছে।
জানতে চাইলে পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল আলম বলেন, হাসপাতালে গিয়ে আহত মাইক্রোবাসচালকের সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়েছে। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তিনি কথা বলতে পারছিলেন না। ছিনতাইয়ের উদ্দেশ্যে নাকি পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটেছে, সেটা এখনো নিশ্চিত নয়। সবকিছু বিবেচনায় নিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে।