যাত্রীকে বাস থেকে ফেলে দিলেন চালক-সহকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগ‌রে বাস থে‌কে যাত্রী‌কে ফে‌লে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার চালক ও তাঁর সহকারী
ছ‌বি: সংগৃহীত

চট্টগ্রাম নগরে বাড়তি ভাড়া নেওয়ার প্রতিবাদ করায় এক যাত্রীকে বাস থেকে ফেলে দিয়েছেন চালক ও সহকারী। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের লালখান বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চালক ও তাঁর সহকারীকে শুক্রবার রাতেই গ্রেপ্তার করেছে পুলিশ।

আহত যাত্রীর নাম আবদুল হামিদ (৫১)। তিনি পুলিশের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন। তাঁর বাসা নগরের এনায়েত বাজার এলাকায়। গ্রেপ্তার হওয়া বাসচালকের নাম মো. হাসান (২৯) ও সহকারী মো. আশরাফ (১৮)।

নগরের কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন প্রথম আলোকে বলেন, আবদুল হামিদ নগরের ষোলশহর থেকে লালখান বাজারে যাচ্ছিলেন ১০ নম্বর বাসে চড়ে। তিনি ভাড়ার টাকা বাবদ ১০ টাকা দিলে ২ টাকা ফেরত দেন চালকের সহকারী। বাড়তি ৩ টাকা নেওয়ার প্রতিবাদ করে ওই টাকা ফেরত দেওয়ার দাবি জানান তিনি।

এ নিয়ে বিতণ্ডার জেরে হামিদকে বাস থেকে ফেল দেন চালক ও সহকারী। পরে ৯৯৯ এ ফোন দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামিদ উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আর চালক ও সহকারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। যাত্রী সুস্থ আছেন এখন।