যাত্রীবাহী লঞ্চের কেবিনে অজ্ঞাতনামা তরুণীর লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা।
প্রতীকী ছবি।

চাঁদপুরে যাত্রীবাহী এমভি আব-এ–জমজম নামের এক লঞ্চ থেকে অজ্ঞাতনামা তরুণীর লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১২টায় চাঁদপুর লঞ্চঘাটে ওই লঞ্চের দ্বিতীয় তলার স্টাফ কেবিনে লাশটি পাওয়া যায়।

নিহত নারীর বয়স ২০ থেকে ২৫ বছর হবে বলে ধারণা করা হচ্ছে। লঞ্চের কর্মচারী মো. সুজন মোল্লা বলেন, গতকাল বুধবার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে লঞ্চটি। সাড়ে ৬০০ টাকার বিনিময়ে তিনি এক যুবককে এ কক্ষ ভাড়া দেন। তাঁর সঙ্গে মেয়েটি ছিল। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে আটটায় কেবিনটি পরিষ্কার করতে গেলে তিনি তা তালাবদ্ধ পান। পরে তিনি টিকিট কাউন্টারে গিয়ে খবর নেন। জানতে পারেন, সেখানে কোনো চাবি দেওয়া হয়নি। পরে তালা ভেঙে কেবিন খুললে তাঁরা তরুণীর লাশ পান।

এ খবর শুনে বেলা দুইটায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকারসহ মডেল থানা-পুলিশ ও নৌ পুলিশ সেখানে ছুটে যায়। পুলিশ জানায়, লঞ্চটি বেলা একটায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এ ঘটনার কারণে লঞ্চটি আর ঢাকায় যেতে পারেনি।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার বলেন, তরুণীকে তাঁর পায়জামার ফিতা দিয়ে ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণ করা হয়েছে কি না, তা স্বাস্থ্য পরীক্ষার পর জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ডটি এক ব্যক্তিই করেছেন। এ ঘটনায় নৌ পুলিশ বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি নিয়েছে।