যাত্রীবেশী মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের সাত সদস্য কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের কোম্পানীগঞ্জ, কানাইঘাটসহ বিভিন্ন এলাকা থেকে যাত্রীবেশী মোটরসাইকেল ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ
প্রথম আলো

সিলেটের কোম্পানীগঞ্জের বাসিন্দা বিলাল আহমদ ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী পরিবহন করতেন। গত ১০ মে সন্ধ্যায় কোম্পানীগঞ্জে দয়ারবাজার থেকে বুড়িডহর গ্রামে যাওয়ার জন্য ৩৫০ টাকা ভাড়ায় তাঁর মোটরসাইকেলে উঠেছিলেন সজল আহমদ (২৪)। রাত সাড়ে সাতটার দিকে পথে কোম্পানীগঞ্জের সাইফুর রহমান ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা দুই ব্যক্তি মোটরসাইকেল থামায়। এ সময় মোটরসাইকেলে থাকা সজল আহমদও নেমে যান। পরে সজল ও অজ্ঞাতনামা ওই দুজন মিলে ছুরি বের করে প্রাণনাশের ভয় দেখিয়ে বিলাল আহমদের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যান।

শুধু এটিই নয়, কোম্পানীগঞ্জে যাত্রীবেশে মোটরসাইকেলে উঠে একাধিক ছিনতাইয়ের ঘটনার অভিযোগ এসেছে বলে জানায় পুলিশ। ১০ মের এ ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও কানাইঘাট থানা-পুলিশ গত রোববার বিকেল পাঁচটা থেকে সোমবার বিকেল পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টা অভিযান চালায়। অভিযানে যাত্রীবেশে মোটরসাইকেল ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাইকৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে গতকাল মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়।

পুলিশ সুপারের নির্দেশে কোম্পানীগঞ্জ থানা-পুলিশ, জেলা গোয়েন্দা শাখা ও কানাইঘাট থানা-পুলিশ গত রোববার বিকেল পাঁচটা থেকে সোমবার বিকেল পর্যন্ত প্রায় ২৪ ঘণ্টা অভিযান চালায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেটের কোম্পানীগঞ্জ বুড়িডহর গ্রামের বাসিন্দা সজল আহমদ (২৪), সিলেট শহরতলির ইসলামপুর এলাকার খায়রুল ইসলাম রায়হান (২০), সুরমা গেট এলাকার আল আমিন হোসেন (২০), একই এলাকার জিহাদ আহমদ (২০), কানাইঘাট উপজেলার ঢালাইচর গ্রামের আলী হোসেন (২৪), শিবনগর গ্রামের মারুফ আহমদ (২৭) এবং শ্রীপুর গ্রামের দেলোয়ার হোসেন (৩০)।

পুলিশ জানায়, এ ঘটনায় ছিনতাইয়ের শিকার বিলাল আহমদ কোম্পানীগঞ্জ থানায় মামলা করেছেন। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সজল আহমদের নামে কোম্পানীগঞ্জ থানা, সিলেট কোতোয়ালি ও বিমানবন্দর থানায় ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে মোট আটটি, খায়রুল ইসলামের নামে সিলেটের শাহপরান থানায় দুটি দ্রুত বিচার ও একটি হত্যাচেষ্টা এবং দেলোয়ার হোসেনের নামে পুলিশকে লাঞ্ছনা, হত্যাচেষ্টাসহ চারটি মামলা রয়েছে।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও গণমাধ্যম) মো. লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, সম্প্রতি সিলেটের কোম্পানীগঞ্জসহ বেশ কিছু এলাকায় যাত্রীবেশে ভাড়ায় চালিত মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সুপার নজরদারি বৃদ্ধি করেন। এতে কোম্পানীগঞ্জ, কানাইঘাট থানা ও গোয়েন্দা পুলিশের কয়েকটি টিম বিরামহীন অভিযানে মূল ছিনতাইকারীসহ চক্রের সাতজন সদস্যকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ইতিমধ্যে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।