যানজট ও জলাবদ্ধতায় মানুষের দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের কয়েক জায়গায় গতকাল সোমবার বৃষ্টির পানি জমে যায়। সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও যান চলাচলে বিঘ্ন ঘটে।

আশুলিয়ার নবীনগর ও বাইপাইল হয়ে রাজধানীর সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের সড়ক যোগাযোগও ব্যাহত হয়। তীব্র যানজটের সৃষ্টি হয় আবদুল্লাহপুর-বাইপাইল ও ঢাকা-আরিচা মহাসড়কে। যানজট ও জলাবদ্ধতার কারণে নারায়ণগঞ্জেও মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

এলাকাবাসী ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, বৃষ্টির কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কুনিয়া, বাসন সড়ক, মালেকের বাড়ি, সাইনবোর্ড ও ভোগড়া এলাকায় অনেক খানাখন্দের সৃষ্টি হয়েছে। এসব গর্ত ও মহাসড়কের পাশে পানি থাকায় গাড়ি এক লাইনে চলছে। এতে যানজট হচ্ছে। এ ছাড়া গতকাল সকালে ভারী বর্ষণে মহাসড়কের বাসন সড়কের উত্তরে ভোগড়া বাইপাস মোড়, ভোগড়া চৌধুরী বাড়ির সামনে, চান্দনা-চৌরাস্তা মোড়ে (টাঙ্গাইল সড়কের অংশ) পানি জমে যায়। এতে যানবাহন চলাচলে বিঘ্নœঘটে। এর প্রভাবে টঙ্গীর স্টেশন রোড থেকে উত্তরে চান্দনা চৌরাস্তা পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। আবার ইঞ্জিনে পানি ঢুকে মাঝেমধ্যেই গাড়িও বিকল হয়ে যায়। গাড়ি সরাতে গিয়েও নতুন করে যানজটের সৃষ্টি হয়। সকালে টঙ্গীর স্টেশন রোড থেকে নরসিংদী-টঙ্গী সড়কেও থেমে থেমে যানজটের সৃষ্ট হয়।

নাওজোড় হাইওয়ে থানার ওসি আবদুল হাই বলেন, ভারী বর্ষণে মহাসড়ক যান চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে। কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি কাজী মোহাম্মদ হোসেন সরকার বলেন, মহাসড়কের পাশে পানি জমে থাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী, সফিপুর, চন্দ্রা, কালিয়াকৈরসহ টাঙ্গাইলের হাঁটুভাঙ্গা পর্যন্ত যানবাহনকে এক লেনে ধীরে চলতে হচ্ছে। গাজীপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী ডি এ কে এম নাহীন রেজা বলেন, যানজট নিরসনে সড়ক বিভাগ ও সিটি করপোরেশনের পক্ষ থেকে রাস্তা তাৎক্ষণিকভাবে মেরামত করা হয়েছে।

সাভার ট্রাফিকের একাধিক কর্মকর্তা ও পরিবহনশ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডের অদূরে নিরিবিলি এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক সম্প্রসারণের কাজ চলছে। ওই অংশে মহাসড়কের উভয় পাশে গর্ত করে বালু ও সুরকি দিয়ে উন্নয়ন করা হচ্ছে। গতকাল সকালে ওই গর্তের মধ্যে তিনটি ট্রাক পড়ে উল্টে যায়। এ সময় এক পাশ দিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করে। এতে নয়ারহাট থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। প্রায় চার ঘণ্টার চেষ্টায় দুপুর সাড়ে ১২টার দিকে রেকারের সাহায্যে ওই সব ট্রাক সরানোর পর সড়কের পাশে (চার লেন) যান চলাচল শুরু হয়। তবে যানজট অব্যাহত থাকে।

এদিকে গতকাল সকাল থেকে বৃষ্টিতে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের জামগড়া এলাকায় পানি জমে যায়। পানির কারণে সারা দিনই ওই অংশে থেমে থেমে যানবাহন চলাচল করে। এতে বাইপাইল থেকে জিরাবো পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। গতকাল জামগড়া এলাকায় কোথাও হাঁটুপানি আবার কোথাও কোমরপানি জমে থাকতে দেখা যায়। পানির মধ্য দিয়ে চলতে গিয়ে অনেক যানবাহন বিকল হয়ে পড়ে। জলাবদ্ধতা ও যানজটের কারণে বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত ওই সড়কে যান চলাচল করতে পারেনি। বগুড়াগামী যাত্রীবাহী বাসের চালক রমিজউদ্দিন বলেন, ঈদের আগে এখনো যানবাহন ও ঘরমুখী মানুষের চাপ তেমন বাড়েনি। এরপরও আবদুল্লাহপুর-বাইপাইল সড়কে যান চলাচলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এই অবস্থার উন্নতি না হলে ঈদের ছুটি শুরু হওয়ার পর ঘরমুখী মানুষ চরম ভোগান্তির মধ্যে পড়বে।

ঢাকা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী ইকবাল বলেন, পানিনিষ্কাশনের জন্য জামগড়া এলাকায় সড়কের উভয় পাশে কাঁচা নর্দমা করে দেওয়া হয়েছে। ওই নর্দমা দিয়ে পানি গিয়ে পড়ছে পাশের নয়নজলি খালে। ওই খালের বিভিন্ন স্থান দখল করে ফেলায় মহাসড়কের পানি বের হতে পারছে না। সাভার ট্রাফিকের পরিদর্শক আবুল হোসেন বলেন, বৃষ্টি আর সড়কের উভয় পাশের খানাখন্দের কারণে গতকাল যে সমস্যা দেখা দেয়, তা সাময়িক। কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় কোনো ঝামেলা না হলে ঈদে সাভার এলাকায় যানজটের কোনো আশঙ্কা নেই।

এদিকে নারায়ণগঞ্জ নগরের বঙ্গবন্ধু সড়কের চাষাঢ়া থেকে দুই নম্বর রেলগেট এলাকার দূরত্ব প্রায় এক কিলোমিটার। কিন্তু এটুকু পথ পাড়ি দিতে ১০ মিনিট লাগার কথা। অথচ যানজটের কারণে গতকাল লেগেছে এক ঘণ্টার বেশি। অনেক সময় কয়েক ঘণ্টাও লেগে যায়। তীব্র যানজটে ভোগান্তির শিকার হতে হয় নগরবাসীকে। শহরের টানবাজার এলাকার বাসিন্দা সব্যসাচী বলেন, নগরীতে যানজটের কারণে চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে। আবার সামান্য বৃষ্টিতে নগরীর সড়কগুলোতে পানি জমে যাচ্ছে। এতে পরিবার-পরিজন নিয়ে ঈদ কেনাকাটা করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, নগরের বাইরে থেকে আসা রিকশার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যানজটের সৃষ্টি হচ্ছে। এ ছাড়া জলাবদ্ধতা সৃষ্টির জন্য ড্রেনগুলোতে (নালা) ময়লা-আবর্জনা ফেলাকে দায়ী করেন তিনি। তিনি বলেন, ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার রাখা জরুরি।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোহাম্মদ মতিয়ার রহমান বলেন, যানজট নিরসনে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, ড্রেনগুলো ময়লা-আবর্জনায় ভরে যাওয়ায় বৃষ্টিতে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার করা হচ্ছে। তিনি ড্রেনগুলোতে ময়লা-আবর্জনা না ফেলার জন্য জনসচেতনতা সৃষ্টির তাগিদ দেন।