যানজটে অতিষ্ঠ ময়মনসিংহ নগরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যানজটের নগরীতে পরিণত হয়েছে ময়মনসিংহ। মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ নগরের ট্রাফিক মোড় এলাকায়।
প্রথম আলো

ময়মনসিংহ শহরতলির শম্ভুগঞ্জ থেকে শহরের দূরত্ব চার কিলোমিটার। ইজিবাইকে এ পথ পার হতে ২০ মিনিট সময় লাগার কথা। কিন্তু যানজটের কারণে সময় লেগে যায় ৪০ মিনিট থেকে ১ ঘণ্টা। প্রতিদিন এ পথে আসা-যাওয়া করতে ২ ঘণ্টা সময় নষ্ট হয়। ইজিবাইকে বসে রফিকুল ইসলাম যানজট নিয়ে নিজের বিরক্তি ঝাড়লেন এভাবে। তিনি পল্লী বিদ্যুৎ সমিতি-৩–এর সভাপতি।

ময়মনসিংহ নগরে যানজট এখন নিত্যদিনের ঘটনা। যানজটে নাকাল হয়ে নগরের মানুষ অতিষ্ঠ। স্থানীয় লোকজন বলছেন, নগরের সড়কগুলো সরু। এর সঙ্গে ইজিবাইক ও রিকশার সংখ্যা বেশি থাকায় শহরে যানজট বাড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর থেকে এ সমস্যা আরও প্রকট হয়েছে। স্কুল ছুটির পর দুপুরে যানজট তীব্র আকার ধারণ করে। এ ছাড়া কিছু এলাকায় সড়ক নির্মাণ ও সংস্কারের কাজ চলছে। ফলে দুর্দশা আরও বেড়েছে নগরবাসীর।

আজ মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নগরের পাটগুদাম, চরপাড়া, গাঙ্গিনারপার, ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকা, নতুন বাজার, জিলা স্কুল মোড়, টাউন হল মোড় ও আকুয়া মাদ্রাসা কোয়ার্টার এলাকায় যানজট বেশি। এসব এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত যানবাহনের ভিড় লেগে থাকে। দুপুরে নগরের নতুন বাজার, জিলা স্কুল মোড়, টাউন হল মোড় এলাকায় শত শত ইজিবাইক ও রিকশা আটকে থাকে। তাই অনেকে হেঁটে গন্তব্যে যায়।

নতুন বাজার এলাকায় আউয়াল নামের এক পথচারী বলেন, স্কুল-কলেজ খোলার পর থেকে বেড়েছে যানজট। যানজটের কারণে বেশির ভাগ সময় তিনি হেঁটেই চলাচল করেন। কিছুটা সময় বাঁচে।

সকালে শম্ভুগঞ্জের চায়না মোড়ে দেখা যায়, চার কিলোমিটার সড়কজুড়ে যানবাহন ধীরগতিতে চলছে। চায়না মোড় এলাকায় বেশি যানজট। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, শম্ভুগঞ্জ থেকে ময়মনসিংহ নগরের পাটগুদাম ব্রিজ পর্যন্ত সড়কের সংস্কারকাজ চলছে। শম্ভুগঞ্জের চায়না মোড় এলাকায় নতুন সেতু নির্মাণের কাজ চলছে। চায়না মোড়ের মটকিভাঙা সেতু বেহাল। তাই যানবাহন খুব ধীরে ধীরে চলে। ফলে ওই এলাকায় বেশির ভাগ সময় তীব্র যানজট লেগে থাকে।

টোলপ্লাজা এলাকায় ইজিবাইকচালক কাউসার বলেন, যানজটের কারণে দিনের বেশির ভাগ সময় নষ্ট হয়ে যায়। তাঁদের রোজগার কমে গেছে।

ময়মনসিংহ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমান বলেন, পুরো নগরে যানজট থাকলেও সেটি নিয়ন্ত্রণের মধ্যে। তবে শম্ভুগঞ্জ এলাকার যানজট তাঁদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। মটকিভাঙা সেতুটি বেহাল হওয়ার কারণে এ যানজট। এ সেতুর পাশে যে সেতুটি নির্মিত হচ্ছে, সেটি শেষ হতে আরও প্রায় ছয় মাস লাগবে। তখন সমস্যার সমাধান হতে পারে।