সিরাজগঞ্জের নলকা সেতু
যানজটে নাকাল মানুষ, ঈদে বাড়বে ভয়াবহতা
মহাসড়ক হওয়ার পর থেকেই উত্তর-পশ্চিমাঞ্চলের ২৪ জেলার যানবাহন চলাচল করছে এই সরু সেতু দিয়ে।
সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে পুরোনো ও জরাজীর্ণ নলকা সেতুর কারণে ভোগান্তি পোহাতে হচ্ছে উত্তরাঞ্চলের যাত্রীদের। বর্তমানে সেতুটি খানাখন্দে ভরে গেছে। পাশেই আরেকটি সেতুর নির্মাণকাজ চলমান থাকায় সংস্কার করা হচ্ছে না সেতুটি। ঈদের সময় অতিরিক্ত যানবাহনের চাপে বাড়তে পারে যানজটের ভয়াবহতা।
সড়ক ও জনপথ বিভাগ কার্যালয় সূত্রে জানা যায়, ১৯৮৮ সালে সিরাজগঞ্জ-বগুড়া আঞ্চলিক সড়কের ফুলজোড় নদের ওপর এই সেতু নির্মাণ করা হয়। ১৯৯৮ সাল আঞ্চলিক সড়কটি মহাসড়কে পরিণত হলেও এই সেতু তেমনই রয়েছে। এই মহাসড়ক হওয়ার পর থেকেই উত্তর-পশ্চিমাঞ্চলের ২৪ জেলার যানবাহন চলাচল করছে এই সরু সেতু দিয়ে।
গত মঙ্গলবার সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত সরেজমিনে দেখা যায়, ৫ মিনিট পরপর এ সেতুকে ঘিরে সৃষ্টি হচ্ছে যানজট। সেতুর দুই পাশে সরু পথ ও মাঝভাগে অধিকসংখ্যক গর্ত ও খানাখন্দের কারণে যানজট নিরসন করা যাচ্ছে না।
ঢাকা থেকে বগুড়াগামী ট্রাকচালক আব্বাস আলী বলেন, ‘ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত ভালোভাবেই এসেছি। কিন্তু সেতু পার হওয়ার পর থেকেই থেমে থেমে যানজট লেগেই আছে। আর নলকা সেতু পার হতেই সময় লেগেছে প্রায় আধ ঘণ্টা।’
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী জানান, নলকা সেতু ও হাটিকুমরুল গোলচত্বরের পূর্ব পাশের ছোট সেতুটি মহাসড়কের তুলনায় বেশি সরু হওয়ায় গাড়ির গতি কমাতে হচ্ছে। এ কারণেই থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে নলকা সেতুকে ঘিরে প্রতিদিন অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয়।
পুলিশ সুপার হাসিবুল আলম জানান, সেতুটি সংস্কারের জন্য অনেকবার সওজের নির্বাহী প্রকৌশলীকে অনুরোধ করা হয়েছে। কিন্তু কোনো লাভ হয়নি। মহাসড়কে খানাখন্দ ও গর্তের কারণে যাত্রীদের হয়রানি হচ্ছে, পাশাপাশি জেলা পুলিশ সদস্যদের সারাক্ষণ এই মহাসড়কে লেগে থাকতে হচ্ছে। সংস্কার না করা হলে সামনে ঈদের সময় মহাসড়কে এই যানজট ভয়াবহ হতে পারে।
সিরাজগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম মঙ্গলবার সকালে প্রথম আলোকে বলেন, সেতুটির পাশেই একটি চার লেনের নতুন সেতু নির্মাণকাজ চলমান রয়েছে। আগামী বছর ঈদুল ফিতরের আগেই এই সেতুর নির্মাণকাজ শেষ হবে। বর্তমানে বৃষ্টির কারণে সেতুর ওপর খানাখন্দ ও গর্তগুলো সংস্কার করা সম্ভব হচ্ছে না। আবহাওয়া একটু অনুকূল হলে ঈদুল আজহার আগেই নলকা সেতুটি সংস্কার করা হবে।