ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকা হয়ে আজ শুক্রবার সকালে দূরপাল্লার কিছু যানবাহন চলাচল করলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল বন্ধ হয়ে যায়। তাই অনেকেই পায়ে হেঁটে তাঁদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। চলাচলকারীদের মধ্যে স্বাস্থ্যবিধি মানার তেমন লক্ষণ নেই।
এদিকে গাজীপুর জেলা পুলিশ, হাইওয়ে, মেট্রোপলিটনের ট্রাফিক বিভাগ মহাসড়কের বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি স্থাপন করে মানুষের অযথা চলাফেরা ও অপ্রয়োজনে বের হওয়া যানবাহন ঘুরিয়ে দিচ্ছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঈদের ছুটি শেষে করোনা সংক্রমণ ঠেকাতে শুক্রবার সকাল ছয়টা থেকে কঠোর বিধিনিষেধ শুরুর খবরে গতকাল বৃহস্পতিবার থেকেই কর্মস্থলে ফেরা শুরু করেন কর্মজীবী মানুষ। আবার অনেকেই বাড়ি ফিরছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা এলাকায় তেমন কোনো মানুষ নেই। গাজীপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের দল অভিযান চালাচ্ছেন। একই অবস্থা দেখা গেছে মহাসড়কের কোনাবাড়ী, কড্ডা, নাওজোড়, ভোগড়া, বাসন সড়ক, কুনিয়া বড়বাড়ী এলাকায়। এদিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও খাড়াজোড়া এলাকায় বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। এসব এলাকা দিয়ে কোনো যানবাহন চলাচল করলেই তাদের পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে।
রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে স্ত্রী-সন্তান নিয়ে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় আসেন কাওসার ভূঁইয়া। তিনি জানান, লকডাউন শুরু হওয়ার খবর পেয়ে মাঝরাতে বাড়ি থেকে বের হয়ে সকাল সাড়ে আটটায় চন্দ্রা ত্রিমোড় এসে পৌঁছেছেন। বাসের চালক এখানে এসে নামিয়ে দিয়েছেন। বাকি পথ পায়ে হেঁটে যেতে হবে।
আবদুল সত্তার ১৭ ঘণ্টা যানজট ঠেলে গিয়েছিলেন নাটোরের সিংড়ায়। তিনি বলেন, ‘ভেবেছিলাম লকডাউন তুলে নেবে, তাই বাড়ি গিয়েছিলাম। আগে যদি জানতাম, তাহলে আর এত কষ্ট করে বাচ্চাদের নিয়ে যেতাম না। এখন চাকরি বাঁচাতে বাড়ির মায়া ত্যাগ করে চলে এলাম।’
কান্তি এন্টারপ্রাইজের সহযোগী মো. আইয়ুব আলী বলেন, যাত্রী নিয়ে রাতে রওনা হয়ে ঢাকার গাবতলীতে যাবেন। তবে চন্দ্রা এলাকায় মানবিক চিন্তা করে পুলিশ তাদের ছেড়ে দিয়েছে। গাইবান্ধা থেকে ছেড়ে আসা সৈকত-লিতু পরিবহনের সুপারভাইজার মঞ্জু বলেন, ‘মানুষ কেন যে এত কষ্ট করে বাড়ি যায়। চান রাইতে যানজটে আটকা ছিলাম টাঙ্গাইল। ঈদের দিন সকাল ১০টায় পৌঁছেছি গাইবান্ধা। আমাদের কোনো ঈদ নাই, আমাদের ঈদ কেটেছে গাড়িতে।’
কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ওসি মীর গোলাম ফারুক বলেন, রাতে অনেক গাড়ি যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে চন্দ্রা এলাকায় সকাল হয়ে গেছে। তাই তাদের মানবিক চিন্তা করে ছেড়ে দেওয়া হচ্ছে। তবে সকাল ১০টার পর থেকে আর কোনো যানবাহন চলাচল করতে দেওয়া হচ্ছে না।