যান্ত্রিক ত্রুটি সারিয়ে আড়াই মাস পর চট্টগ্রাম সার কারখানায় উৎপাদন শুরু
যান্ত্রিক ত্রুটি সারিয়ে আড়াই মাস পর চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডে (সিইউএফএল) সার উৎপাদন শুরু হয়েছে। গতকাল রোববার রাত পৌনে ১১টায় রাষ্ট্রায়ত্ত এ কারখানাটিতে ইউরিয়া উৎপাদন শুরু হলে কারখানার সবার মধ্যে উল্লাস ছড়িয়ে পড়ে।
সর্বশেষ কারখানাটি গত ৩ ডিসেম্বর বন্ধ হয়ে পড়ে। তবে তার আগেই ২০২১-২২ অর্থবছরে ১ লাখ ২ হাজার ৯৩৬ মেট্টিক টন ইউরিয়া উৎপাদন করে কারখানাটি।
সিইউএফএল সূত্র জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে গত ৩ ডিসেম্বর কারখানাটির ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। আড়াই মাস কারখানা বন্ধ থাকায় শ্রমিক-কর্মচারীরা হতাশ ছিলেন।
১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় সার কারখানাটি প্রতিষ্ঠা করে সরকার। সচল থাকলে দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন সার উৎপাদন হওয়ার কথা রয়েছে। কিন্তু এখন ১ হাজার ৪০০ মেট্রিক টন সার উৎপাদিত হচ্ছে বলে কারখানার কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন। বার্ষিক উৎপাদনক্ষমতা ৫ লাখ ৬১ হাজার মেট্রিক টন ইউরিয়া এবং ৩ লাখ ১০ হাজার মেট্রিক টন অ্যামোনিয়া।
সিইউএফএল সিবিএর সহসম্পাদক মো. ইমরান খান বলেন, ‘কারখানাটি আমাদের প্রাণ। দীর্ঘ আড়াই মাস পর পুরোদমে ইউরিয়া উৎপাদন শুরু হওয়ায় আমরা অনেক আনন্দিত।’
চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেডের জিএম (টেকনিক্যাল) মো. শহীদুল্লাহ খান বলেন, গতকাল রাত পৌনে ১১টায় ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। আশা করছেন আজ সোমবার থেকে পূর্ণ গতিতে কারখানা চালু করা যাবে।