যারা ভাস্কর্য ভেঙেছে, তাদের আইনের আওতায় আনতে হবে: পরিকল্পনামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। শনিবার বিকেলে সুনামগঞ্জ শহরতলির উপশহর মাঠে
প্রথম আলো

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, যারা জাতির জনকের ভাস্কর্য ভেঙেছে, দেশে থাকা সব ভাস্কর্য ভাঙার হুমকি দিয়েছে, তাদের আইনের আওতায় আনতে হবে। সুনামগঞ্জের উন্নয়ন ভাবনা নিয়ে আজ শনিবার আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুনামগঞ্জ শহরতলির উপশহর প্রকল্পের মাঠে সুনামগঞ্জ জেলা পরিষদ ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ যৌথভাবে সমাবেশটির আয়োজন করে।

পরিকল্পনামন্ত্রী বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বড় গুণ হলো তাঁর সাহস। যখন পদ্মা সেতু থেকে বিদেশিরা মুখ ফিরিয়ে নিয়েছিল, তখন শেখ হাসিনা বলেছিলেন, নিজেদের টাকায় পদ্মা সেতু করবেন। তিনি সেটা করে দেখিয়েছেন। বঙ্গবন্ধুর পর তাঁর মতো সাহসী নেতা এ দেশে আর জন্মাননি। তিনি বাংলাদেশকে বিশ্বে সম্মান ও মর্যাদার অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। দেশের মানুষের উচিত তাঁর সঙ্গে থাকা, তাঁর প্রতিটি কাজে সহযোগিতা করা।

সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিল জাতীয় সংসদে পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানকে সমাবেশ থেকে অভিনন্দন জানানো হয়। বিশ্ববিদ্যালয়টির স্থান নির্ধারণ নিয়ে বিতর্কের বিষয়ে এম এ মান্নান বলেন, ‘আমি সুনামগঞ্জের সন্তান। এই মাটিতে বড় হয়েছি। আমি একটি স্থান প্রস্তাব করেছিলাম। আমি কখনো দেখিনি, যে দল ক্ষমতায় সেই দলের এমপিরা সরকারের কোনো কাজে বাধা দেন। কিন্তু দুঃখজনক হলেও এখানে সেটা হয়েছে। এটা আমাকে কষ্ট দিয়েছে।’

সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুল হুদার সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তৃতা দেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা। আরও বক্তৃতা দেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আহাদ, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, মুক্তিযোদ্ধা আলী আমজাদ, আওয়ামী লীগ নেতা আবুল কালাম ও শামীম আহমেদ চৌধুরী, সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. শেরগুল আহমেদ, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. সাজিনুর রহমান প্রমুখ। সমাবেশ সঞ্চালনা করেন জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সবুজ কান্তি দাস।

সুনামগঞ্জবাসীর উদ্দেশে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘আপনারা আমাকে সন্দেহ করবেন না। আমরা পুরো জেলার মানুষ এক। আমরা সবাই একই পরিবারের। বাধা আসবে, তবু সুনামগঞ্জের উন্নয়ন হবে। সুনামগঞ্জে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় হচ্ছে, রেললাইন আসবে। হাওরে শেখ হাসিনা ফ্লাইওভার হবে।’