যুক্তরাজ‌্য থেকে সিলেটে এলেন ৪১ যাত্রী, থাকবেন নির্ধারিত হোটেলে

যুক্তরাজ্য থেকে সিলেটে আসা যাত্রীদের কোয়ারেন্টিনের জন্য নির্ধারিত দুটি হোটেলে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে প্রশাসনপ্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য থেকে সিলেটে এলেন ৪১ যাত্রী। প্রশাসনের সহযোগিতায় তাঁদের নির্ধারিত দুটি হোটেলে নেওয়া হবে। তাঁরা ১৪ দিন সেখানেই কোয়ারেন্টিনে থাকবেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে যুক্তরাজ্য থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট ৪৭ জন যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর মধ্যে ৪১ জন যাত্রী সিলেটে নামেন। বাকি ৬ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকায় যায়।

৪১ জন যাত্রীকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার জন্য ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রশাসনের ব্যবস্থাপনায় বিআরটিসির বাসে করে সিলেটের নির্ধারিত দুটি হোটেলে নিয়ে যাওয়া হবে।

এদিকে সিলেট ওসমানী বিমানবন্দরে যুক্তরাজ্যফেরত স্বজনদের সঙ্গে দেখা করতে ভিড় করতে দেখা গেছে। স্বজনেরা বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছেন বলে জানান। যুক্তরাজ্যফেরত ভাইয়ের সঙ্গে দেখা করতে আসা আখতার হোসেন বলেন, দেশে ফেরার পর ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। এর মধ্যে ভাইয়ের সঙ্গে দেখা হবে না, এ জন্য তাঁর সঙ্গে তিনি দেখা করতে এসেছেন।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, আজ বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ৪৭ যাত্রী নিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় ফ্লাইট থেকে ৪১ জন সিলেটে নেমে গেলে বাকি ৬ জনকে নিয়ে সেটি ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়।

এদিকে করোনার নতুন ধরন (স্ট্রেইন) শনাক্ত হওয়ার পর যুক্তরাজ্যের সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ–নিষেধাজ্ঞা জারি করেছে। তবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের ভ্রমণ–নিষেধাজ্ঞা আরোপ করা হয়নি। তবে চলতি বছরের প্রথম থেকে যুক্তরাজ্যফেরত যাত্রীদের ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার নির্দেশনা রয়েছে। বাধ্যতামূলক কোয়ারেন্টিনের সব খরচ যুক্তরাজ্যফেরত যাত্রীদের নিজেদের বহন করতে হবে।

জানা যায়, সিলেট থেকে প্রতি সপ্তাহে বিমান বাংলাদেশের দুটি ফ্লাইট যুক্তরাজ্য থেকে সিলেটে অবতরণ করে। এ ছাড়া প্রতি বুধবার একটি ফ্লাইট সিলেট থেকে যুক্তরাজ্যের উদ্দেশে ছেড়ে যায়।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় যুক্তরাজ্যফেরত ৪১ যাত্রীকে নির্ধারিত দুটি হোটেলে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে সহযোগিতা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।